ফাইনালের একাদশে আলিসকে নিয়ে সংশয় 

খুলনা টাইগার্সের বিপক্ষে হারতে হারতে জয় পেয়েছে চিটাগং কিংস। আর তাতেই দ্বিতীয়বারের মতো দলটি ফাইনালে উঠেছে। শিরোপার লড়াইয়ে চিটাগংকে তুলতে অবিশ্বাস্য অবদান রেখেছিলেন রহস্যময় বোলার আলিস আল ইসলাম। তবে তার অবদান বল থেকে বেশি ছিল ব্যাট হাতে। জয় থেকে বেশ দূরে থাকা চিটাগংয়ের হয়ে এমন ব্যাটিং করেছেন আলিস, তাতে চমক বনে গিয়েছিল গোটা স্টেডিয়াম ও প্রতিপক্ষ খুলনা। একজন জাত ব্যাটারের মতো চার-ছয় হাঁকিয়ে জয় তুলে নিয়েছিলেন। যেখানে পায়ে ব্যথা পেয়ে মাঠের বাইরেও যেতে হয়েছিল তাকে। পরে ঐ অবস্থায় মাঠে নেমে দলকে জয় এনে দেন। 

আজ ফাইনাল ম্যাচ। কিন্তু এই ম্যাচের আগে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আলিসের চোট। গতকাল চিটাগং কিংসের সহকারী কোচ এনামুল হক জুনিয়র জানিয়েছেন, পর্যবেক্ষণে রাখা হয়েছে আলিসকে। তারা চেষ্টা করবেন এই ক্রিকেটারকে একাদশে রাখার। বিশেষ করে বোলার হিসেবে তাকে বেশি প্রয়োজন বলে উল্লেখ করেছেন এনামুল জুনিয়র। 

তবে শেষ পর্যন্ত আলিসকে একাদশে রাখা না গেলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির সহকারী কোচ। আজকের ফাইনাল ম্যাচে দুই দলের একাদশ কেমন হতে পারে, সেটি এক নজর দেখে নেওয়া যাক। চিটাগংয়ের ওপেনিংয়ে পারভেজ হোসেন ইমনের সঙ্গে খাজা নাফিকে দেখা যাবে, সেটি নিশ্চিত বলা যায়। 

এরপরে গ্রাহাম ক্লার্ক, হোসেন তালাত, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ মিঠুনকে মূল ব্যাটার হিসেবে দেখার সম্ভাবনা বেশি। বোলারদের মধ্যে পেসার খালেদ আহমেদ, শরিফুল ইসলাম ও বিনুরা ফার্নান্দোকে দেখা যেতে পারে। আর স্পিনার হিসেবে খেলতে পারেন আরাফাত সানি। আলিস যদি খেলতে না পারেন, সেই জায়গায় কে নামবে, সেটি নিয়ে বড় সংশয়ে চিটাগং। সেই জায়গায় অভিজ্ঞ অলরাউন্ডার নাঈম ইসলামকে দেখা যেতে পারে। 

এ দিকে ফরচুন বরিশালের হয়ে তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে তাওহীদ হৃদয়কে দেখার সম্ভাবনা বেশি। আর মূল ব্যাটার হিসেবে দাউদ মালান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, কাইল মায়ার্স ও জিমি নিশামের ওপরে ভরসা রাখা হতে পারে। এই জায়গায় মায়ার্স ও নিশামকে বোলিংয়েও দেখা যেতে পারে। এর বাইরে বোলার হিসেবে খেলতে পারেন রিশাদ হোসেন, এবাদত হোসেন, তানভীর ইসলাম ও মোহাম্মদ আলী। বিশেষ কিছু দেখাতে না পারা মোহাম্মদ নবি হয়তো একাদশের বাইরেই থাকবেন। আর জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হয়তো এবারও একাদশের বাইরে থাকবেন।