বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বারিকুল ইসলাম (৩৯) নামে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ সদস্যদের বিরুদ্ধে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর-ফতেপুর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০ এর ২ এসএস ও ১০ এর ৪ এসএস-এ ঘটনা ঘটে।

নিহত বারিকুল ইসলাম উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর স্কুলছাম গ্রামের সেতাউর রহমানের ছেলে।

দুলর্ভপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য সাইদুর রহমান বলেন, ভোরে উপজেলার রঘুনাথপুর সীমান্তের একটি কৃষি জমিতে সেচ দিতে যান বারিকুল ইসলামসহ ৫ থেকে ৬ ব্যক্তি। এ সময় ভারতের মুর্শিদাবাদের সুতি থানার বাজিতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করলে বাকিরা চলে আসলেও বারিকুল ইসলামকে আটক করে বিএসএফ সদস্যরা। পরে তাকে পিটিয়ে হত্যা করে ভারতের অভ্যন্তরে বাজিতপুর ক্যাম্পের একটি নদীর তীরে বালুর উপরে মরদেহ ফেলে দেয় তারা।

নিহতের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে বারিকুলকে হত্যা করেছে বিএসএফ। দ্রুত মরদেহ ফেরত চান নিহতের পরিবার।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান বলেন, এ সংক্রান্ত তথ্য আমাদের কাছে নেই। তাছাড়া পরিবারের সদস্যরা আমাদের সঙ্গে যোগাযোগ করেনি।