নরসিংদী রায়পুরায় পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারের জের ধরে উপজেলা শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ মুর্শেদ খান রাসেলের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় বাধা দিতে গিয়ে হামলাকারীদের গুলিতে চেয়ারম্যানের চাচাতো ভাই শাকিল খানের স্ত্রী শান্তা ইসলাম (২৪) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপরে জুমার নামাজ চলাকালে শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. আদিল মাহমুদ।
নিহতের স্বজনরা জানান, এলাকার আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে আজ দুপুরে শ্রীনগর ইউনিয়নের নূরুল ইসলামের ছেলে সোহেল মিয়াসহ ১০-১২ জনের এক সশস্ত্র দল রাসেল চেয়ারম্যানের বাড়িতে হামলা চালায়। এ সময় চেয়ারম্যান ও তার পরিবারের লোকজন বাড়িতে না থাকায় সোহেল ও তার লোকজন বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালাতে থাকে। এমতাবস্থায় রাসেল চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের স্ত্রী শান্তা তাদের বাধা দিতে এলে তাকে উদ্দেশ্য করে গুলি চালায়। এতে শান্তা পিঠে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ইসমাইল হোসেন রাজিব জানান, গৃহবধূটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার পিঠে একটি গুলির চিহ্ন রয়েছে।
পুলিশ জানিয়েছে, শান্তার লাশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য নরসিংদীর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, শ্রীনগর গ্রামে নূরুল ইসলামের পুত্র সোহেল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ভাড়ায় মানুষ হত্যাকারী। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় জোড়া খুনসহ ৭টি হত্যা মামলা ও ৪টি মাদকের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোহেল কোনো রাজনৈতিক দলের সক্রিয় সদস্য নয়। সোহেল মাদক ব্যবসা ও মানুষ খুন করাই তার পেশা বলে জানিয়েছেন স্থানীয় জনতা।