নাফি-ইমনের ব্যাটে ফাইনালে বড় পুঁজি চিটাগাংয়ের

বিপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচে ব্যাটিং ঝলক দেখিয়েছেন চিটাগাং কিংসের ব্যাটাররা। শুরু থেকেই আক্রমণাত্নক ব্যাটিং করতে থাকেন দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও খাজা নাফি। এই দুই ব্যাটারের ফিফটিতে শক্ত পুঁজি পেয়েছে চিটাগাং। ফরচুন বরিশালকে ১৯৫ রানের টার্গেট দিয়েছে বন্দর নগরীর দলটি। 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে চিটাগাংকে ব্যাটিংয়ে পাঠান বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। শুরু থেকেই আক্রমণাত্নক ব্যাটিং করতে থাকেন পারভেজ ইমন। বরিশালের বোলারদের ওপর চড়াও হন তিনি।

অন্যদিকে কিছুটা দেখেশুনে খেলতে থাকেন নাফি। ৩০ বলে ফিফটি তুলে নেন পারভেজ ইমন। এরপর ৩৭ বলে ফিফটি করেন নাফি। উদ্বোধনী জুটিতে ১২১ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার।

এরপর ৪৪ বলে ৬৬ রান করে সাজঘরে ফিরে যান নাফি। তাকে আউট করেন বরিশালকে প্রথম সাফল্য এনে দেন পেসার এবাদত হোসেন। নাফির বিদায়ের পর ক্রিজে আসা গ্রাহাম ক্লার্ককে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন ইমন।

মারমুখী ব্যাটিং করতে থাকেন ক্লার্ক। ইমনকে সঙ্গে নিয়ে ৭০ রানের জুটি গড়েন তিনি। দলীয় ১৯৪ রানে ২৩ বলে ৪৪ রান করে আউট হন ক্লার্ক। তার বিদায়ের পর ২ বলে ২ রান করে আউট হন শামীম পাটোয়ারি। 

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে চিটাগাং। ৪৯ বলে ৭৮ রানে অপরাজিত থাকেন পারভেজ ইমন। মোহাম্মদ আলি ও এবাদত হোসেন নেন ১টি করে উইকেট।