আন্দোলন থেকে শুরু করে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। এসব মাধ্যম এখন মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত ইন্টারনেট ব্যবহারকারীরা কারণে কিংবা অকারণে সামাজিক যোগাযোগমাধ্যমে টু মারেন।
অবস্থা এমন দাঁড়িয়েছে যে, এটিকে এখন আর অস্বীকার কিংবা উপেক্ষা করার কোনো উপায় নেই। এবারের বিপিএলে ফ্র্যাঞ্চাইজিগুলো সেই সুযোগের যেন সদ্ব্যবহার করেছে। মজার মজার বিভিন্ন পোস্ট দিয়ে ভক্তদের তারা মাতিয়ে রেখেছে। অনলাইনে ভাইরাল হওয়া কোনো গান, বক্তব্য, কিংবা বিভিন্ন কথা যুক্ত করে প্রতিনিয়ত আলোচনা ধরে রেখেছে দলগুলো। বিষয়টি ভক্তরাও উপভোগ করেছেন।
মজার পোস্ট শেয়ারের দিক থেকে এগিয়ে ছিল রংপুর রাইডার্স। এলিমিনেটর ম্যাচে সেই রংপুরকে হারিয়ে খুলনা টাইগার্সের ফেসবুক পেজ ভাইরাল হওয়া গান 'ছি ছি ছি রে ননী ছি' এর প্রসঙ্গ টেনেছিল। এর আগে গ্রুপ পর্বে বরিশাল-রংপুর ম্যাচের আগে বরিশালের ফেসবুক পেজ থেকে লেখা হয়েছিল, জাগো বাহে জাগো', সেটি রংপুরের ভক্তদের তাতিয়ে তোলার জন্য ছিল।
প্রতিক্রিয়ায় রংপুর লিখেছিল, 'পোস্ট ডিলিট করো, সমস্যা হবে'। বিষয়গুলো নিয়ে সরব ছিল বাংলাদেশের নেট দুনিয়া। এছাড়া গ্রুপ পর্বে বরিশালকে হারিয়ে চিটাগং কিংস লিখেছিল, 'ম্যাচ হারার বেদনা আমরা বুঝি!' সেখানে একটি সিংহ লঞ্চ উলটিয়ে দেওয়ার পোস্টার ছিল। লেখা ছিল, 'সিংহের থাবায় উলটে গেল মনুর লঞ্চ।' প্রতিটি দলের পক্ষ থেকেই এমন মজার পোস্ট কিংবা পোস্টার বেশ উপভোগ করেছেন নেটিজেনরা ও ক্রিকেট ভক্তরা।