বগুড়ার শেরপুরের এক স্কুলছাত্রীকে জবাই করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। ঘটনার শিকার স্কুলছাত্রী উপজেলার সুঘাট ইউনিয়নের গুয়াগাছি গ্রামের কামরুল সেখের মেয়ে। সে জয়লা গুয়াগাছি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। তার নাম কামনা খাতুন।
উপজেলার সুঘাট ইউনিয়নের গুয়াগাছি গ্রামে গতকাল মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। অজ্ঞাত দুর্বৃত্ত সিঁধ কেটে তার ঘরে প্রবেশ করে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ পাশের গ্রামের শাকিল (১৫) নামের এক বখাটে কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত গভীর রাতে কামনা লেখাপড়া শেষে তার ঘরে ঘুমাতে যায়। রাত অনুমান ১টার দিকে অজ্ঞাত এক দুর্বৃত্ত ওই ছাত্রীর ঘরে সিঁধ কেঁটে প্রবেশ করে। তারপর সে ঘুমন্ত ছাত্রী কামনা খাতুনের বুকের ওপর উঠে বসে। টের পেয়ে কামনা চিৎকার দিলে দুর্বৃত্ত তার গলায় ছুরি দিয়ে আঘাত করে।
কামনার চিৎকারে পরিবারের লোকজন ছুটে আসতেই হত্যাকারী পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, গুয়াগাছী উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র পাশের জয়নগর গ্রামের বাসিন্দা শাকিল প্রায়ই তাকে উত্তক্ত করতো।
আরও পড়ুন: কামারখন্দে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
এ প্রসঙ্গে শেরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর বলেন, ‘মৌখিক অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
পুলিশ পরিদর্শক বুলবুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের জন্য শাকিলকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/নূহু