মুন্সিগঞ্জে শীতলক্ষ্যা নদীতে একটি বাল্কহেড চুরি করে খন্ডাংশ বিক্রি করার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ নৌপুলিশ।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেন নৌ-পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (মিডিয়া) কাজী নুসরাত এদীব লুনা।
গ্রেপ্তারকৃতরা হলেন, শাহাদাত হোসেন (২৪), সাদ্দাম হোসেন (৩৩), মো. শফিকুল ইসলাম (৫৫) ও নাছিমা (৫০)।
নৌপুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, মুন্সীগঞ্জের গজারিয়া থানাধীন বাউশিয়া ইউনিয়নের অন্তর্গত চর বাউশিয়া ফরাজীকান্দি নদীর ঘাট থেকে এমবি মাছিয়াতা দরবার শরীফ নামক একটি বালুবাহী বাল্কহেডের স্টাফরা নগদ টাকা ও প্রয়োজনীয জ্বালানি তেলসহ বালু আনার জন্য সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হয়। পরবর্তীতে স্টাফরা বালুবাহী বাল্কহেডটি চুরি করে অজ্ঞাত স্থানে নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করে দেয়।
ঢাকার নৌপুলিশের সদর দপ্তর জানায়, ৭ ফেব্রুয়ারি নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মো. আলমগীর হোসেনের নেতৃত্বে নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চল ও নৌ পুলিশ ঢাকা অঞ্চলের যৌথ অভিযানে ঢাকার শ্যামপুর থানার সহায়তায় পোস্তগোলা এলাকায় অভিযান পরিচালনা করে শাহাদত হোসেনকে হাতেনাতে গ্রেপ্তার করে। তার হেফাজত থেকে চোরাইকৃত বাল্কহেডটির ৪১১টি কাটা অংশ (ওজন প্রায় ৩০টন) উদ্ধার করা হয়।
পরে তার দেওয়া তথ্যের উপর ভিত্তি করে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঐ চোরচক্রের আরও তিনজন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এই বিষয়ে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানায় মামলা দায়ের হয়েছে।