চুয়াডাঙ্গার জীবননগর সোনালী ব্যাংক শাখায় চেক জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে সাড়ে ১০ লাখ টাকা ওঠাতে গিয়ে ৩ প্রতারক আটক হয়েছে। এসময় এক প্রতারক ব্যাংক থেকে পালিয়ে যায়। আটক ৩ প্রতারকের নিকট থেকে টাকা, সোনালী ব্যাংকের বিভিন্ন শাখার সিলমোহর, চেকবই ও তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বাড়ি মাদারীপুর জেলার শিবচর ও রাজৈর উপজেলায়। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
সোনালী ব্যাংক জীবননগর শাখার ব্যবস্থাপক আরিফুজ্জামান ও জীবননগর থানার ওসি শেখ গনি মিয়া জানান, বেলা সাড়ে ১১টার দিকে ২ জন বাহক ব্যাংকের ক্যাশ কাউন্টারে অফিসারের বাতিল করা স্বাক্ষরযুক্ত ৩টি চেক দিয়ে সাড়ে ১০ লাখ টাকা উত্তোলণের চেষ্টা করে। বিষয়টি ক্যাশ অফিসারের নিকট সন্দেহ হলে তাদের জিজ্ঞাসা করতেই ৩ প্রতারক পালানোর চেষ্টা করে। এর মধ্যে এক প্রতারক লাফ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও অন্য ২ জনকে আটক করে উপস্থিত জনতা। পরে পুলিশ এসে তাদের গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে সোনালী ব্যাংক বিভিন্ন শাখার সিল মোহর, একটি চেক বই, ৫৪ হাজার ৭৪০ টাকা উদ্ধার করে।
আটককৃতদের স্বীকারোক্তিতে বাসস্ট্যান্ডে অবস্থান করা এক প্রাইভেটকার চালককে আটক করা হয়। গ্রেফতারকৃত তিন প্রতারক হলেন- মাদারীপুর জেলার শিবচর উপজেলার মির্জার চর গ্রামের মোতালেব হোসেনের ছেলে আবু বকর (৩০), সরকার চর গ্রামের মৃত আনোয়ার ফকিরের ছেলে জামাল হোসেন (৩২) ও প্রাইভেটকার চালক রাজৈর উপজেলার আমগ্রামের হাজী নুরু ব্যাপারীর ছেলে জাকির হোসেন (৪০)।
ওসি শেখ গনি মিয়া জানান, তাদের জিজ্ঞাসাবাদের জন্য চুয়াডাঙ্গা পুুলিশ লাইনে নেওয়া হচ্ছে।
ইত্তেফাক/এমআই