ইস্পাত-অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কোন দেশগুলো শুল্কের আওতায় পড়বে, তা এখনো জানাননি তিনি। তিনি বলেছেন, চলতি সপ্তাহের মধ্যেই এ বিষয়ে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নেবে।
 
রোববার (৯ ফেব্রুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, শুল্ক আরোপের বিষয়ে তিনি সোমবার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। এছাড়া মঙ্গলবারের প্রথমার্ধে পারস্পরিক শুল্ক ঘোষণা করবেন, যেটি খুব শিগগিরই কার্যকর হবে।

ট্রাম্প তার বিবৃতিতে বলেছেন, বিশ্বের যে কোনো দেশ থেকেই যুক্তরাষ্ট্রে আসা আমদানিকৃত ইস্পাতের ও অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এই শুল্ক প্রযোজ্য হবে।

পারিস্পারিক শুল্ক আরোপের পরিকল্পনার বিষয়ে ট্রাম্প বলেন, আর খুব সহজভাবে...তারা যদি আমাদের ওপর আরোপ করে, আমরাও তাদের ওপর আরোপ করবো।

এর আগে ২০১৬-২০২০ সালে ট্রাম্প তার প্রথম মেয়াদেও ইস্পাতের ওপর ২৫ শতাংশ এবং অ্যালুমিনিয়ামের উপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। তবে কানাডা, মেক্সিকো এবং ব্রাজিলসহ বেশ কয়েকটি বাণিজ্যিক অংশীদারদের ক্ষেত্রে শুল্কমুক্ত কোটা মঞ্জুর করেছিলেন তিনি।

প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন জাপান এবং ইউরোপীয় ইউনিয়নে এই কোটা বাড়িয়েছিলেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন ইস্পাত কলের ব্যবহার কমে এসেছে।

এদিকে প্রতিবেশী কানাডা থেকে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানি করা হয়। এছাড়াও মেক্সিকো থেকে অ্যালুমিনিয়াম স্ক্র্যাপ এবং অ্যালুমিনিয়াম খাদ আমদানি করা হয়।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তিনি পারস্পরিক শুল্ক পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য মঙ্গলবার বা বুধবার একটি সংবাদ সম্মেলন করবেন।