অ জে য় চৌ ধু রী
আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে রাজু আলীমের প্রথম চলচ্চিত্র ‘ভালবাসার রাজকন্যা’। জনপ্রিয় লেখক ও নির্মাতা অরুণ চৌধুরীর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে এই ছবিতে মূল ভূমিকায় অভিনয় করছেন লাক্সতারকা মৌসুমী হামিদ। এতে আরো অভিনয় করেছেন চিত্রনায়ক শিপন মিত্র, আবিদ রেহান, ফারজানা চুমকি, কাজী রাজু, মিলি বাশার প্রমুখ। গল্পে দেখা যাবে, নায়িকা মৌসুমী পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকতে চায় না। কারণ সে তাঁর ধনী মায়ের কাছ থেকে অনেক দুঃখ পেয়েছে। সুন্দরী ও স্মার্ট তাঁর মা বিজনেস পারসন। স্বামী মারা গেছেন অনেক আগে। তারপর আবেগ বশবর্তী হয়ে ভালোবাসে ফেলেন তাঁরই একমাত্র কন্যার বিশ্ববিদ্যালয়ের সুদর্শন তরুণ শিক্ষককে। কন্যার সঙ্গে সেই শিক্ষকের একটা বন্ধুত্ব ছিল। বিষয়টি মেনে নিতে পারে না মেয়ে মৌসুমী হামিদ। সেজন্য পাহাড় থেকে ঝাঁপ দেওয়ার জন্য সুদূর নির্জন নেপালে যায় সে। ওদিকে হারবাল ওষুধ কোম্পানিতে চাকরি করা শিপন কাজ উপলক্ষে তখন নেপালে। পাহাড় থেকে ঝাঁপ দেওয়ার আগে মৌসুমীকে বাধা দেয় শিপন। ঘটনা মোড় নেয় অন্যদিকে। এই চলচ্চিত্রের কাহিনির বাঁকে বাঁকে রয়েছে টুইস্ট। নেপালের মনোরম লোকেশনে পুরো চলচ্চিত্রটির শুটিং হয়েছে। এ ছবিতে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রেজওয়ানা চৌধুরী বন্যা এবং ফেরদৌস আরার গান। সুরকার ও সম্পাদনা শওকত আলী রানা। চিত্রগ্রহণে ছিলেন সুজন মেহমুদ। ছবিতে অভিনয় প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, ‘এই ছবির গল্পটা অসাধারণ। ভালো গল্পের পাশাপাশি এর নির্মাণটাও সুন্দর হয়েছে। আমি চেষ্টা করেছি নিজের চরিত্রটি ফুটিয়ে তুলতে। সব মিলিয়ে এই চলচ্চিত্রটি নিয়ে আমার প্রত্যাশাও অনেক।’ চিত্রনাট্যকার অরুণ চৌধুরী বলেন, ‘ছবিটি ঈদের দিন দুপুর ২টা ৩০ মিনিটে চ্যানেল আইতে দেখানো হবে। ঈদের আয়োজনে প্রচুর পরিমাণে দর্শক সিনেমা দেখেন। তারমধ্যে রাজু আলীমের সযত্নে তৈরি সিনেমাটি দর্শক পাবে প্রচুর। এটা আমার বিশ্বাস।’ পরিচালক রাজু আলীম চলচ্চিত্র প্রসঙ্গে বলেন, ‘গল্পে নতুনত্ব আছে বলেই আমি এই ১১০ মিনিটের ছবিটি করতে রাজি হয়েছি। আশা করছি, টান টান উত্তেজনার ছবিটি দর্শকদের ভালো লাগবে। আমার পরিশ্রম ও মেধা তখনই সার্থক হবে।’ আসছে ঈদে টেলিভিশনে ওয়ার্ল্ড প্রিমিয়ামের পাশাপাশি একযোগে ‘ভালোবাসার রাজকন্যা’ মুক্তি পাবে সারা দেশের অন্যান্য সিনেমা হলেও।