ই ম রু ল নূ র
একসঙ্গে দুই ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন হালের এই ক্রেজ। এম রাহিম পরিচালিত ‘শান’ এবং চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্ব সুন্দরী’। ছবি দুটিতে তাঁর নায়িকা হিসেবে রয়েছেন পূজা চেরি ও পরীমনি। ‘শান’ ছবির দ্বিতীয় লটের কাজ শেষ করে কিছু দিন আগে সিয়াম অংশ নেন ‘বিশ্ব সুন্দরী’র শুটিংয়ে। দুদিন কাজ করে বিরতি নিয়ে আবারও সোমবার থেকে অংশ নিয়েছেন এর শুটে। ঢাকার অদূরে টানা কয়েকদিন চলবে এর শুটিং। সিয়াম আহমেদ বললেন, ‘একসঙ্গে দুটি ছবির কাজ করা খুব কঠিন। তবুও যথাসাধ্য চেষ্টা করছি। শানের কাজ অনেকটা এগিয়েছে। অ্যাকশন দৃশ্যের অংশ চলছে। আবার আগামী মাসে বাকি কাজে অংশ নেব। এর আগে পুরো সময়টা ‘বিশ্ব সুন্দরী’র জন্য দেব। তবে এই মাসের মধ্যেই এর কাজটা শেষ করতে হবে। এরপর আর সময় পাওয়া যাবে না। তাই দ্রুত শেষ করার চেষ্টা করছি।’
এই ছবি নিয়ে তিনি বলেন, ‘আমি কোয়ালিটিফুল কাজ করতেই পছন্দ করি। সবসময় চেষ্টা করি চরিত্রটা নিজের মধ্যে ধারণ করে তারপর কাজটা করতে। আগের ছবিগুলোতেও সেটা করেছি। গল্প, কাজ, কাজের মান—সবকিছু মিলিয়ে পছন্দ হলেই সেটা করার চেষ্টা করি। আমার প্রতিটা কাজেই কোনো না কোনো ম্যাসেজ থাকে। এই ছবিটিও ঠিক তেমনই।’
‘শান’ নিয়ে তিনি বলেন, ‘সিনেমার এখন যে মন্দা অবস্থা যাচ্ছে, তাতে করে আমরা যদি দর্শকদের ভালো কিছু না দিতে পারি তাহলে আমি নিজেও কোনো কারণ দেখি না যে তাঁরা কেন সিনেমা দেখতে আসবে! আমি নিজেও হয়তো তাদের জায়গায় থাকলে যেতাম না। আমাদেরও তো একটা সীমাবদ্ধতা আছে, সেজন্য আমরা সবকিছু মিলিয়ে গায়ে খেটে হলেও সর্বোচ্চ চেষ্টাটা করছি ভালো কিছু করার।’
তিনি আরো বলেন, ‘আমি এর আগে অ্যাকশন চরিত্রে কাজ করিনি। এটা আমার কাছে একদমই নতুন। এটার জন্য আমার অনেক পরিশ্রম করতে হয়েছে। স্পেশাল ট্রেনিং করেছি নিজেকে সেভাবে ফুটিয়ে তোলার জন্য। নিজেকে নতুনভাবে প্রেজেন্ট করার জন্য। বিশ্বাসযোগ্যতার জায়গাটা যেন তৈরি হয়। সেজন্যই আসলে এত পরিশ্রম ও কষ্ট করা। না হলে আর কোনো কারণ ছিল না। একটা নরমাল ছবির মতো করে কাজটা করে ফেলতাম।’
সিনেমার শুটের ফাঁকে বিরতিতে একটি বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। কোমল পানীয়ের এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন অমিতাভ রেজা চৌধুরী। সিয়ামের সঙ্গে এখানে রয়েছেন জাহিদ হাসান। এই বিজ্ঞাপনের একটি ফটোশুটেও অংশ নেন তিনি। শিগগিরই সেটি প্রচারে আসবে।