তা হ মি না মি লি
হালে মুক্তিপ্রাপ্ত ‘স্ট্যাবার’ ছবিটি দর্শকদের ভিন্নস্বাদ দিয়েছে। হলিউডের অ্যাকশন কমেডি ধাঁচের এ সিনেমার অন্যতম প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন নাটালি মোরালেস। এখানে তাঁকে এক তুখোড় গোয়েন্দা পুলিশ অফিসারের কন্যার ভূমিকায় দেখা গেছে। ৩৪-এ পা রাখা এই হলিউডি অভিনেত্রীকে গত বছর ‘স্পাইডারম্যান ইনটু দ্য স্পাইডার ভার্স’ ছবিতে মিস কলারোস চরিত্রে দেখেছেন দর্শক। ২০১৭ সালে হলিউডের আরো একটি আলোচিত সিনেমা ‘ব্যাটল অব দ্য সেক্স’-এ অভিনয় করে তোলপাড় সৃষ্টি করেছিলেন নাটালি মোরালেস। খুব বেশি সিনেমায় অভিনয় না করলেও হলিউডে সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে তাঁর নামটি ইদানীং বেশ আলোচিত হচ্ছে। এ পর্যন্ত তিনি অভিনয় করেছেন ‘ওয়াল স্ট্রি :মানি নেভার স্লিপস’, ‘গোয়িং দ্য ডিসটেন্স’, ‘সিক্স মান্থ রুল’, ‘ফ্রিলোডারস’ ছবিগুলোয়। মূলত ছোট পর্দায় অভিনেত্রী হিসেবে তাঁর পদচারণা খুব বেশি হওয়ায় দর্শক নাটালিকে চিনেছেন আরো আগেই। এবিসি টিভির ফ্যামিলি সিরিজ ‘দ্য মিডলম্যান’ এবং ইউএস নেটওয়ার্কের ‘হোয়াইট কলার’ সিরিজে অভিনয়ের মাধ্যমে সবার নজরে পড়ে যান তিনি। ফক্স কমেডি সিরিজ ‘দ্য গ্রিন্ডার’ তাঁকে খ্যাতি ও জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে। এনবিসির সিটকম ‘পার্কস অ্যান্ড রিক্রিয়েশন’ নাটালিকে ছোট পর্দার সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ফ্লোরিডার কেন্ডালে জন্ম তাঁর। কিউবান আঞ্চলিক টানে কথা বললেও এখন পুরোদস্তুর হলিউডের পেশাদার অভিনেত্রী। লেখাপড়া করেছেন সেন্ট অগাথা ক্যাথলিক স্কুল এবং সাউথওয়েস্ট মিয়ামি সিনিয়র হাইস্কুলে। ইউনিভার্সিটি অব মিয়ামিতে সাংবাদিকতার ওপর ওয়ার্কশপ করেছেন মোরালেস। তাঁর অভিনীত টিভি সিরিজগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো ‘সিএসআই :মিয়ামি’, ‘দ্য মিডলম্যান’, ‘বোল্ডলি গোয়িং নাউহোয়্যার’, ‘রকভিল সিএ’, ‘হোয়াইট কলার’, ‘পার্ক অ্যান্ড রিক্রিয়েশন’, ‘দ্য কেপ’, ‘দ্য নিউজরুম’, ‘ট্রফি ওয়াইফ’, ‘গার্লস’, ‘দ্য গ্রিন্ডার’, ‘গ্রেস অ্যান্ড ফ্রাংকি’, ‘পাওয়ারলেস’, ‘ক্রাশিং’, ‘ইমাজিনারি মেরি’, ‘মেকিং হিস্ট্র্রি’, ‘সানতা ক্ল্যারিটা ডায়েট’, ‘বো জেক হর্সম্যান’, ‘রুম ওয়ান হান্ড্রেড ফোর’ প্রভৃতি। এ বছর তাঁর অভিনীত ‘অ্যাবিস’ সিটকমটি বেশ সাড়া তুলেছে। এনবিসি চ্যানেলে দেখানো হয়েছে এটি। এখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন নাটালি মোরালেস। বড় পর্দা ও ছোট পর্দা—দু জায়গাতেই নিজেকে সমানভাবে ব্যস্ত রাখতে চাইছেন তিনি। বর্তমানে থ্রিলার কমেডি ধাঁচের সিনেমা ‘হ্যাপিলি’তে অভিনয় করছেন নাটালি। আগামী বছর মুক্তি পাবে সিনেমাটি। ‘আমি এখনো নিজেকে খুব বড় একজন তারকা কিংবা কেউকেটা অভিনেত্রী ভাবতে পারি না। সাধারণ একজন অভিনয়শিল্পী হিসেবে কাজ করে যাচ্ছি। হয়তো আগামী দিনগুলোতে আমি একটি ভালো জায়গায় নিজেকে নিয়ে যেতে পারব। এমন আস্থা ও আত্মবিশ্বাস রয়েছে মনে।’ সম্প্রতি এক সাকক্ষাত্কারে বলেছেন তিনি এ কথাগুলো।