লক্ষ্য যখন অভিনয়

ই ম রু ল  নূ র

 

‘ইন্টারনেট শেষ হলেও, নো টেনশন! ঝুম বৃষ্টিতে ক্রেডিট শেষ হয়ে গেলেও ইমার্জেন্সি লোন নাও এয়ারটেল ক্রেডিট থেকে আর ফ্রেন্ডশিপ রাখো ফুল অন!’ এয়ারটেলের বিজ্ঞাপনে ব্যবহূত এই সংলাপটি সবার কাছেই বেশ পরিচিত। বিজ্ঞাপনটিতে কাজ করেছে নতুন কিছু মুখ। আর এই সংলাপের মধ্যে দিয়েই আলোচনায় আসেন লরেন। তাঁর পুরো নাম লরেন মেন্ডেস। ক্যারিয়ারের শুরুটা র্যাম্প মডেলিং দিয়ে হলেও পরিচিতি পেয়েছেন বিজ্ঞাপন দিয়ে। শুরুর দিকে এয়ারটেলের বেশ কিছু ফটোশুটে অংশ নেন। এরপর টানা এয়ারটেলের কয়েকটি বিজ্ঞাপনে কাজ করে আলোচনায় চলে আসেন তিনি। কাজগুলোতে বেশ প্রশংসিত হন। বিজ্ঞাপন ছাড়াও তাকে দেখা গিয়েছে মিউজিক ভিডিওতে। ‘ঘোর’ শিরোনামে তপু খান ও কণার একটি দ্বৈত গানের ভিডিওতে মডেল হিসেবে হাজির হন তিনি। প্রেক্ষাগৃহের ব্যানারে নির্মিত এই ভিডিওতে তাঁর সাবলীল অভিনয় নজর কেড়েছে সবার। সম্প্রতি নতুন একটি মিউজিক ভিডিও প্রকাশিত হতে যাচ্ছে তাঁর, যেখানে মিনার রহমানের একটি গানের ভিডিওতে মডেল হয়েছেন তিনি।  এছাড়া টুকটাক মডেলিং করলেও অভিনয়ের প্রতি তাঁর বেশ আগ্রহ রয়েছে। নিজেকে অভিনয়েই প্রতিষ্ঠিত করতে চান। গেল কিছুদিন আগে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে প্রথমবারের মতো অভিনয় করলেন তিনি। ‘অমর প্রেম’ শিরোনামের চলচ্চিত্রটি নির্মাণ করেছেন শ্রাবণী ফেরদৌস। সম্প্রতি পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে এর দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে। লাইলি ও মজনুর প্রেম কাহিনির আদলে ভিন্ন গল্প ভাবনা ও মোড়কের এই সিনেমায় জুটি হয়ে দেখা দেবেন লরেন ও জাকির। আসছে ঈদের আগেই সেটি প্রকাশিত হবে। যেহেতু আগে কখনো অভিনয় করা হয়নি, তাই কাজটি শুরু করার আগে এর জন্য প্রস্তুতি স্বরূপ অনুশীলনও করেছেন লরেন। লরেন বলেন, ‘অভিনয় হলো চর্চার বিষয়। যে যত বেশি চর্চা করবে, সে তত বেশি দক্ষ হয়ে উঠবে। অভিনয়টাকে নিয়মিত চর্চার মধ্যে রাখতে চাই। এমন কিছু করতে চাই, যেটাতে দর্শকদের হূদয়ে পৌঁছাতে পারি। দর্শকদের ভালোবাসায় অনেকটা পথ পাড়ি দিতে চাই।’