মসজিদের মাইকে ঘোষণা দিয়ে যশোরে দুই পক্ষের মারপিট

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে যশোর সদরের বড় হৈবতপুরে দুই পক্ষের মারপিটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন, হৈবতপুর ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি রাজু (৪৪), ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সম্পাদক শামীম (৩৬), বিএনপিকর্মী জিয়া (৩৫) এবং ৪নং ওয়ার্ড যুবদলের কোষাধক্ষ্য পাপ্পু।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, চুরামনকাটি ইউনিয়নের ইউপি মেম্বার ও আওয়ামী লীগ নেতা আনিসুর রহমানের হৈবতপুর ইউনিয়নের বড় হৈবতপুর গ্রামের মাঠে চাষাবাদের জমি রয়েছে। আনিছুর জোরপূর্বক হৈবতপুর গ্রামের বাসিন্দাদের জমির আইল কেটে দিয়ে নিজের জমিতে সেচের পানি দিতেন। মঙ্গলবার একইভাবে সেচ দেওয়ার চেষ্টা করলে গ্রামবাসী প্রতিবাদ করেন। একপর্যায়ে আনিছুর নিজ এলাকার মসজিদে মাইকে ঘোষণা দিয়ে ৫০-৬০ জন লোক ডেকে আনেন।

এসময় বড় হৈবতপুর গ্রামবাসীও সেখানে চলে আসে। সে সময় দুই পক্ষের মধ্যে সমঝোতার করে দেন যুবদল নেতা রাজু। এরপর ফিরে যাওয়ার পথে হৈবতপুরের লোকজনের ওপর আনিছের নেতৃত্বে শফিক, সন্ত্রাসী তৌহিদ এবং রমজানসহ কয়েকজন হামলা চালায়। হামলায় আহত হন ৫ জন। পরে হৈবতপুরের লোকজন প্রতিরোধে এগিয়ে গেলে আনিছ মেম্বারের লোকজন পালিয়ে যায়। পরে আহতদের মধ্যে ৪ জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন কুমার জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে। তাদের মধ্যে একজনের মাথায় বেশ কয়েকটি ক্ষত রয়েছে। তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি কাজী বাবুল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি নিয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।