স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত গুণীজনদের সম্মাননা

গান-নাচ-কবিতা আর শংসা বচনের মাধ্যমে রাষ্ট্রীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পদক এবং একুশে পদকপ্রাপ্ত গুণীজনদের সম্মাননা জানালো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। গত ১০ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আয়োজিত হয় এ সম্মাননা অনুষ্ঠান। ‘গুণীজন সম্মাননা, আনন্দ আয়োজন’ শিরোনামের এ আয়োজনের শুরুতেই জাতীয় সংগীত ও উদীচীর সংগঠন সংগীত পরিবেশন করেন উদীচী সংগীত বিভাগের শিল্পীরা। এরপর ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর’ গানটির সঙ্গে নৃত্য পরিবেশনের মাধ্যমে আমন্ত্রিত গুণীজনদের মঞ্চে আহ্বান করেন উদীচীর নৃত্যশিল্পীরা। এরপর শুরু হয় সম্মাননা জ্ঞাপন পর্ব।

এ পর্বের শুরুতেই ২০১৮ সালে একুশে পদকপ্রাপ্ত বরেণ্য বুদ্ধিজীবী রণেশ মৈত্রের প্রতি অভিনন্দন পত্র পাঠ করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সদস্য মৌমিতা জান্নাত। এরপর গুণী রণেশ মৈত্রের হাতে সম্মাননা স্মারক তুলে দেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদ। আর উত্তরীয় পড়িয়ে দেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যাপক বদিউর রহমান। এরপর সম্মাননা জানানো হয় ২০১৮ সালে একুশে পদকপ্রাপ্ত বরেণ্য বুদ্ধিজীবী নাট্যকার নিখিল সেনকে। প্রয়াত নিখিল সেনের পক্ষে সম্মাননা গ্রহণ করেন তাঁর ছেলে সুজয় সেন। তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদ। উত্তরীয় তুলে দেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম। এরপর একে একে সম্মাননা জানানো হয় ২০১৮ সালে স্বাধীনতা পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক সেলিনা হোসেন, বিশিষ্ট অভিনেতা আসাদুজ্জামান নূর ২০১৯ সালে স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিত্সক ডা. কাজী মিসবাহুন নাহার (ডা. কাজী তামান্না), কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, ২০১৮ সালে একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট গীতিকার সুরকার সুজেয় শ্যাম, রবিউল হোসেন, ২০১৯ সালে একুশে পদকপ্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব লাকি ইনাম ও বিশ্বজিত্ ঘোষকে। তবে শারীরিক অসুস্থাসহ নানা কারণে আয়োজনে উপস্থিত থাকতে পারেননি সেলিনা হোসেন, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, বিশিষ্ট গীতিকার, সুরকার সুজেয় শ্যাম ও রবিউল হোসেন। উদীচীর পক্ষ থেকে সম্মাননা তুলে দেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাবিবুল আলম, প্রবীর সরদার, অধ্যাপক এ এন রাশেদা, শিবাণী ভট্টাচার্য্য, উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ইকবালুল হক খান প্রমুখ।

অনুষ্ঠানে গুণীজনদের প্রিয় গান পরিবেশন করেন শিল্পী ইকবাল খোরশেদ, মাসুম আজিজুল বাশার, মোস্তাফিজুর রহমান তুর্য, ফাহিম হোসেন চৌধুরী, এ টি এম জাহাঙ্গীর ও সুরাইয়া পারভীন। এছাড়া আবৃত্তি পরিবেশন করেন বেলায়েত হোসেন, পুষ্পিতা রায়, মিজানুর রহমান সুমন, মির্জা আতিকুজ্জামান ও শিখা সেনগুপ্তা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।

উল্লেখ্য, যাঁদের সযত্ন পরিচর্যা এবং মেধা ও মননের প্রত্যক্ষ অবদানে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আজ বিকশিত হয়ে উঠেছে তাঁদের বেশ কয়েকজন ২০১৮ ও ২০১৯ সালে রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পুরস্কার ও একুশে পদক-এ ভূষিত হন।