শুরু হচ্ছে নাট্যোৎসব 

‘ঢাকা মহানগর নাট্যোৎসব ২০২৫’-এর বিস্তারিত জানাতে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। রাজধানীর পরিবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে বিকাল চারটায় এই সম্মেলনের ডাক দিয়েছে ঢাকা মহানগর নাট্য পর্ষদ। 

আগামী ১৫ ফেব্রুয়ারি উদ্বোধন হতে যাচ্ছে ‌‘ঢাকা মহানগর নাট্যোৎসব ২০২৫’। ‘শিল্পের আলোয় ভরে উঠুক মঞ্চের আঙিনা, দর্শকই স্বজন, দর্শকই প্রেরণা’-এই শিরোনামকে সামনে রেখে শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল পাঁচটায় রাজধানীর বেইলি রোডে অবস্থিত বাংলাদেশ মহিলা সমিতি প্রাঙ্গণে এই উৎসবের উদ্বোধন হবে। 

শিরোনামের সঙ্গে মিল রেখে এই উৎসবের উদ্বোধন করবেন ১০০ জন দর্শক এবং সাথে থাকবেন মঞ্চাভিনেত্রীরাও। ঢাকা মহানগর নাট্য পর্ষদের আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। ১১ ফেব্রুয়ারি পর্ষদের আহ্বায়ক ঠাণ্ডু রায়হান ও সদস্য সচিব কামাল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

পর্ষদের পক্ষে নাট্যজন মো. আকতারুজ্জামান বলেন, ‘ঢাকার মঞ্চে দর্শক উপস্থিতি বাড়াতে ও নতুন দর্শক সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নাট্যোৎসব। এই উৎসবের বিশেষ আকর্ষণ হচ্ছে এক টিকিটে ১৪ নাটক। অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ১৪ দিনে দর্শক ১৪টি নাটক উপভোগ করতে পারবেন এই একই টিকিটে।’ 

এই ‘সিজন টিকিট’ পাওয়া যাবে মাত্র এক হাজার টাকায়। এছাড়া প্রতিদিনের টিকিটও পাওয়া যাবে মান ভেদে ৫০০, ৩০০ ও ২০০ টাকায়। অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে। উৎসবের প্রথম পর্যায়ের নাটকগুলো মঞ্চস্থ হবে রাজধানীর বেইলি রোডে অবস্থিত বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে। প্রদর্শনী শুরু হবে প্রতিদিন সন্ধ্যা সাতটায়। 

মঞ্চনাটকের প্রদর্শনী এখনো স্বাভাবিক অবস্থায় আসেনি। বিগত দুই বছরে বেশ কিছু নতুন নাটক মঞ্চে এলেও দর্শকসংখ্যা তেমন বাড়েনি বরং ক্রমেই সংকট বেড়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে নাটকে দর্শক উপস্থিতি আশাব্যঞ্জক নয়। এমন পরিস্থিতিতে থিয়েটার চর্চায় গতিশীলতা আনতে, নাট্যদলগুলো ও নাট্যকর্মীদের উজ্জীবিত করতে এবং দর্শকদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে ঢাকা মহানগরে থিয়েটার চর্চারত নাট্যদলগুলোর সমন্বয়ে গঠিত হয়েছে ‘ঢাকা মহানগর নাট্য পর্ষদ’। পর্যায়ক্রমে মোট ৮৫টি নাট্যদলের ৮৫টি নাটক নিয়ে বিভিন্ন মঞ্চে এই উৎসব উদযাপিত হবে।