ভালোবাসা দিবসের বার্তায়ও অভিবাসীদের সতর্ক করল হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ভ্যালেন্টাইনস ডে'র বার্তায় অভিবাসীদের সতর্ক করে দিয়েছে হোয়াইট হাউস। দিনটিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার নবনিযুক্ত 'সীমান্ত প্রধান' টম হোমানের মুখ সম্বলিত একটি গোলাপি কার্ড শেয়ার করা হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে শেয়ার করা কার্ডের ক্যাপশনে 'হ্যাপি ভ্যালেন্টাইনস ডে' এবং একটি হার্ট ইমোজি দেওয়া ছিল।

887

আর কার্ডে লেখা ছিল, 'গোলাপগুলো লাল, ভায়োলেটগুলো নীল, এখানে অবৈধভাবে আসুন এবং আমরা আপনাকে নির্বাসিত করব।' এখানে নীল ভায়োলেটের কথা বোঝানো হয়েছে।

আনুমানিক ১১ থেকে ৩৫ মিলিয়ন মানুষ যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছে বলে ধারণা করা হয়। গত ২০ জানুয়ারি ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টরা প্রতিদিনই অভিযান চালাচ্ছে।

নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি নির্বাচিত হলে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় বহিষ্কার অভিযান পরিচালনার মাধ্যমে তিনি এই সংখ্যা কমিয়ে আনবেন।

নিউইয়র্ক পোস্টের উদ্ধৃত অভ্যন্তরীণ তথ্য অনুসারে, সীমান্ত ক্র্যাকডাউন ইতিমধ্যে উল্লেখযোগ্য ফলাফল এনেছে। দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে প্রতিদিন অবৈধ অভিবাসী পারাপারের সংখ্যা গড়ে ৩৫৯ জনে নেমে এসেছে।

কর্মকর্তারা অভিযানের প্রথম ১৮ দিনে প্রায় ১১ হাজার জনকে গ্রেপ্তার করেন। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) জানিয়েছে, ৩ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তত ৫ হাজার ৬৯৩ জনকে বহিষ্কার করা হয়েছে।