রুয়ান্ডা সমর্থিত এম২৩ বিদ্রোহীরা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের দ্বিতীয় বৃহত্তম শহর বুকাবুতে প্রবেশ করেছে। দক্ষিণ কিভু প্রদেশের গভর্নর জিন-জ্যাক পুরুসি বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানুয়ারির শেষের দিকে গুরুত্বপূর্ণ গোমা শহর দখল করার পর থেকে সশস্ত্র গোষ্ঠীটি নতুন শহরটির দিকে অগ্রসর হচ্ছিল। বুকাভুর পতন ২০২২ সালে সর্বশেষ সশস্ত্র বিদ্রোহ শুরু হওয়ার পর থেকে এম২৩ এর নিয়ন্ত্রণাধীন অঞ্চলের সবচেয়ে উল্লেখযোগ্য সম্প্রসারণ।
রোববার সকালে স্থানীয় এক কর্মকর্তা, একটি নিরাপত্তা সূত্র এবং পাঁচ জন প্রত্যক্ষদর্শী শহরটিতে বিদ্রোহীদের দেখেছেন বলে জানিয়েছেন।
এম২৩ এর মুখপাত্র উইলি এনগোমা এক টেলিফোন বার্তায় বলেন, দলটি শহরে রয়েছে। তবে কঙ্গোর সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে রয়তার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
নতুন করে বিদ্রোহী প্রবেশ করা শহরটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিশ্ব খাদ্য কর্মসূচির একটি ডিপোসহ ব্যাপক লুটপাটের খবর পাওয়া গেছে। সেখান থেকে হাজার হাজার বেসামরিক লোক পালিয়ে যাচ্ছেন।
তবে এপি ও এএফপি নিউজ এজেন্সি জানিয়েছে, স্থানীয় অসংখ্য বাসিন্দা এম২৩ বিদ্রোহীদের দিকে উল্লাস করছিল।
কেউ কেউ স্লোগান দিচ্ছেন, তোমরাই সেই ব্যক্তি যাদের জন্য আমরা অপেক্ষা করছিলাম, আমাদের এই দেশে পরিবর্তন দরকার, আমরা কাজ চাই।
এর একদিন আগে বিদ্রোহীরা বুকাভুর কাভুমু বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেয়। শহরের মধ্য দিয়ে অগ্রসর হওয়ার সময় তারা ন্যূনতম প্রতিরোধের মুখোমুখি হয়েছিল বলে জানা গেছে। ১০ লাখেরও বেশি মানুষের শহর বুকাবুতে পৌঁছানোর আগে বিমানবন্দরটি ছিল বিদ্রোহী বাহিনীর সর্বশেষ গুরুত্বপূর্ণ সামরিক প্রতিবন্ধকতা।