বলিভিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৩০

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী বাস ৮০০ মিটার গভীর খাদে পড়েছে। এতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৪ জন। খবর বিবিসির।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দেশটির পোটোসি ও ওরুরো বিভাগের মধ্যে সংযোগ স্থাপনকারী মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ ও গণমাধ্যম। 

পোটোসির বিভাগীয় পুলিশ কমান্ডের মুখপাত্র কর্নেল লিমবার্ট চক স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, এ ঘটনায় অন্তত ৩০ জন মারা গেছেন। আমরা এখনও মরদেহগুলো উদ্ধারের জন্য কাজ করছি।

পুলিশ কর্নেল ভিক্টর বেনাভাইদেস বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ইয়োকাল্লা শহরের কাছে দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

পোতোসি এবং ওরুরো শহরের মধ্যে দ্বিমুখী একটি সংকীর্ণ সড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাসটি গভীর খাদে পড়ে যায়। স্থানীয় নিউজ আউটলেট ইউনিটেল জানিয়েছে, দুর্ঘটনায় চার শিশুসহ ১৪ জন আহত হয়েছেন। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। তবে বাসে কতজন যাত্রী ছিলেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ কর্মকর্তা বেনাভাইদেস বলেছেন, সংকীর্ণ সড়কে দ্রুত গতিতে গাড়ি চালানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটে। দেশটির চলতি বছর এটাই সবচেয়ে মারাত্মক সড়ক দুর্ঘটনা।