রাজশাহীর দুর্গাপুর থানার ওসিকে স্ট্যান্ড রিলিজ

রাজশাহীর দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেবকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। বুধবার সকালে পুলিশ সদর দফতরের নির্দেশে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়। তার বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীকে নির্যাতন ও নবজাতক হত্যার ঘটনায় মামলা না নেওয়ার অভিযোগ উঠে।

তাকে থানা থেকে প্রত্যাহার করে ১৬ জুলাইয়ের মধ্যে রাজশাহী পুলিশ লাইনে ক্লোজ করা হয়। কিন্তু উল্লেখিত সময়ের মধ্যে সে পুলিশ লাইনে না যাওয়ায় ১৭ জুলাই সকালে তাকে পুনরায় স্ট্যান্ড রিলিজ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলার মহিপাড়া গ্রামের শিমু ইয়াসমিন লিপি নামের অন্তঃসত্ত্বা এক নারীকে শারীরিক নির্যাতন করে তার দুবাই প্রবাসী স্বামী সোহেল রানা। পরে ওই নারীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। সেখানে অপারেশনের মাধ্যমে ওই নারীর পেট থেকে প্রায় চার মাস বয়সী মৃত নবজাতক বের করা হয়।

এ ঘটনায় গত ২ জুলাই ওই নারী দুর্গাপুর থানায় মামলা দায়ের করতে যান। কিন্তু দুর্গাপুর থানার ওসি আব্দুল মোতালেব তার মামলা রেকর্ড না করে অভিযোগটি এএসআই আজাদকে তদন্তের দায়িত্ব দেয়। এরপর গত ১০ জুলাই থানায় সালিশি বৈঠকও ডাকে। বৈঠকে ভিকটিমকে মীমাংসার জন্য ওসি আব্দুল মোতালেব ও এএসআই আজাদ চাপ দেয়।

ইতিমধ্যে ভিকটিমের স্বামী সোহেল রানা পুলিশের সহযোগিতায় ছুটি শেষের আগেই দেশ ত্যাগ করে কর্মস্থল দুবাই চলে যায়।

আরও পড়ুন: হালদা দূষণের অপরাধে হাটহাজারীর বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখার নির্দেশ: জরিমানা ২০ লাখ টাকা

এ ঘটনা জানাজানি হলে পুলিশ সদর দপ্তরের এক অফিস আদেশে ওসি আব্দুল মোতালেবকে দুর্গাপুর থানা থেকে প্রত্যাহার করে ১৬ জুলাইয়ের মধ্যে রাজশাহী পুলিশ লাইনে ক্লোজ করা হয়। কিন্তু উল্লেখিত সময়ের মধ্যে পুলিশ লাইনে হাজির না হওয়ায় ১৭ জুলাই সকালে পুনরায় তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়। 

ইত্তেফাক/নূহু