পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বাজৌর জেলায় বুধবার (১৯ ফেব্রুয়ারি) একজন পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ওই পুলিশ পোলিও টিকাদানকারী দলের পাহারার দায়িত্বে ছিলেন। দেশটির পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জিও নিউজ।
বাজৌর জেলার একজন পুলিশ কর্মকর্তা বার্তাসংস্থা এএফপি'কে বলেছেন, দুইজন মোটরসাইকেলে করে এসে গুলি চালায়, এর ফলে একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে টিকাদান দলের কারও কোনও ক্ষতি হয়নি বলে জানান তিনি।
দেশটির সিনিয়র পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক বলেছেন, এই অঞ্চলে সন্ত্রাসী হামলা বেড়ে যাওয়ার কারণে পোলিও টিকাদান সেবা দেরিতে শুরু হয়েছে। তবে হামলার পরেও জেলার সব অঞ্চলে টিকাদান চলছে। শুধু হামলার শিকার অঞ্চলে টিকাদান পরিষেবা বন্ধ হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে পাকিস্তানে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা হচ্ছে। এ ছাড়া বিগত কয়েক দশক ধরে পাকিস্তানে পোলিও টিকাদানকারী দলের ওপরও অনেক হামলা হয়েছে।