বান্দরবানের থানচি উপজেলায় নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণের পাশাপাশি মাতৃভাষা বইও দেওয়া হয়েছে। তবে প্রশিক্ষিত শিক্ষক না থাকায় এসব বই নিয়ে অসুবিধায় পড়েছে শিক্ষার্থীরা।
উপজেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, ২০১৭ সাল থেকে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে সরকার মাতৃভাষায় বই প্রকাশ করছে। এর ধারাবাহিকতায় এবারও পাহাড়ি জনগোষ্ঠী শিক্ষার্থীদের জন্য মাতৃভাষার বই বিতরণ করা হয়েছে।
শিক্ষা সংশ্লিষ্টরা জানান, থানচি উপজেলার কয়েকটি প্রাথমিক স্কুলের মারমা, চাকমা, ত্রিপুরার তিনটি সম্প্রদায়ের শিক্ষার্থীদের দেওয়া হয়েছে তাদের মাতৃভাষায় লেখা বই। কিন্তু নতুন বছরের শুরুতে বই সংকটের কারণে উপজেলা সকল স্কুলে বই বিতরণ করার সম্ভব হয়নি। তবে বর্তমানে বইগুলো চলে এসেছে, চলতি মাসেই ধাপে ধাপে সকল স্কুলের শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তারা।
নতুন বছরে মাতৃভাষার বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত এবং অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেছেন।
তবে শিক্ষকদের প্রশিক্ষণের অভাবের কারণে এসব বই সঠিকভাবে পাঠদান সম্ভব হচ্ছে না। তিন সম্প্রদায়ের মাতৃভাষায় পাঠদানের জন্য কোনো প্রশিক্ষিত শিক্ষক নেই বলে জানিয়েছেন অভিভাবকরা। তারা দ্রুত শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজান উদ্দিন বলেন, দুর্গম এলাকায় অনেক বিদ্যালয়ের শিক্ষক সংকট এবং দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক না থাকায়, মাতৃভাষায় পাঠদান করানো সম্ভব হচ্ছে না। শিক্ষক সংকটের এ বিষয়টি জেলার শিক্ষা সংশ্লিষ্টদের জানানো হয়েছে।