রাজশাহী মহানগরীর পদ্মার পাড় থেকে মুখে স্কচটেপ লাগানো এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নগরীর লালন শাহ মুক্তমঞ্চ সংলগ্ন এলাকার পদ্মার তীর থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত মো. আবুল বাশার মিন্টু (৩৫) নগরীর মির্জাপুর এলাকার মৃত কসর উদ্দিনের ছেলে।
শুক্রবারই তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। এর আগে ৯৯৯ এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে রাজপাড়া থানক পুলিশ এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
পুলিশ জানিয়েছে, নিহত যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর। তার পরনে প্যান্ট, গেঞ্জি এবং জ্যাকেট রয়েছে। চোখে চশমা আছে। তার মুখ পলিথিন দিয়ে ঢাকা ছিল। এর ওপরে স্কচটেপ লাগানো ছিল।
নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, বিকেলে পদ্মাপাড়ে ঘুরতে আসা লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশের জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল দেন। সেখান থেকে বিষয়টি রাজপাড়া থানা-পুলিশকে জানানো হয়।
ওসি আরও বলেন, শরীরের কোথাও আঘাত দেখা যাচ্ছে না। তবে আলামত দেখে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। দুপুরের দিকে তাকে হত্যা করা হতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে থানায় হত্যা করা মামলা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।