বনভোজনে যাওয়া হলো না স্কুল শিক্ষার্থী রাশেদুলের 

বনভোজনে যাওয়া হলো না স্কুল শিক্ষার্থী রাশেদুলের। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে গাজীপুর সাফারি পার্কে বনভোজনে বাসে করে যাওয়ার পথে গাছের সঙ্গে মাথায় আঘাত লেগে স্কুল শিক্ষার্থী রাশেদুল(১৬) নিহত হয়।

নিহত রাশেদুল জামালপুর উপজেলার চরদ্দা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। সে সাতারিয়া ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। 

নিহত শিক্ষার্থীর পারিবারিক ও বিদ্যালয়ের সূত্রে জানা গেছে, আজ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বনভোজনের জন্য বিদ্যালয় মাঠ থেকে গাজীপুর সাফারি পার্কের উদ্দেশ্যে ২টি বাস যাত্রা শুরু করে। পথিমধ্যে উপজেলার সোনাকান্দা এলাকায় বাস থেকে শিক্ষার্থী রাশেদুল বাসের জানালা দিয়ে মাথা বের করে দেয়। এ সময় তার মাথার সঙ্গে গাছের সজোরে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে সহপাঠীরা গুরুতর আহত রাশেদুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাশেদুলকে মৃত ঘোষণা করেন।

রাশেদুলের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, বনভোজনে যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রাশাদুল এর মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। তাই আমরা আর বনভোজনে যায়নি। 

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক  রবিউল ইসলাম জানান, মাথায় আঘাত লেগে ছেলেটি মারা গেছে। 

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদ মিয়া বলেন, শুনেছি এক ছেলে পিকনিকে যাওয়ার পথে গাছের সঙ্গে ধাক্কা লেগে মারা গেছে।