২২ দিন পর বুড়িমারী স্থলবন্দরে পাথর আমদানি শুরু 

বুড়িমারী স্থল বন্দর দিয়ে ভারত, ভুটান থেকে রপ্তানিযোগ্য দুই প্রকার পাথরের দাম পুননির্ধারণের দাবিতে কয়েক দফা চিঠি চালাচালি করে কাজ না হওয়ায় আমদানিকারকেরা পাথর আমদানি বন্ধ রাখেন। উভয় দেশের ব্যবসায়ীদের সমঝোতা বৈঠক শেষে ২২ দিন পর পুনরায় পাথর আমদানি শুরু হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।  কয়েকমাস ধরে বাংলাদেশে পাথরের নির্মাণকাজ ও চাহিদা কমে যাওয়ায় বেশি দামে পাথর আমদানি করে ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা। লোকসান থেকে বাঁচতে পাথরভেদে দাম প্রতি মেট্রিক টন ২ থেকে ৩ ডলার কমানোর প্রস্তাব দিয়ে ওই দুই দেশের ব্যবসায়ী সংগঠনকে কয়েকদফা চিঠি দেয় আমদানিকারকরা। তবে রপ্তানিকারক ও সরকার কোনোপ্রকার ইতিবাচক সাড়া না পাওয়ায় গত ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য পাথর আমদানি বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

এতে ক্ষতির মুখে পরে দুই উভয় পক্ষ। কোটি কোটি টাকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হয় উভয় দেশের সরকার। বুড়িমারী স্থলবন্দর পাথর আমদানিতে পাথরের যৌক্তিক দর ও বাজার মনিটরিং করতে ১২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

আজ (২৩ ফেব্রুয়ারি) দুপুরের পর বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ও বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি প্রতিনিধি দল ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে গিয়ে পাথর আমদানি আনুষ্ঠানিকভাবে চালু করেন। ফলে ২২ দিন বন্ধ থাকার পর পাথর আমদানি পুনরায়  শুরু করা হয়।