সড়ক দুর্ঘটনায় আহত ছেলেকে দেখতে গিয়ে সড়কেই প্রাণ গেলো মায়ের

নওগাঁর মান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ছেলেকে হাসপাতালে দেখতে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় মা জায়েদা বিবি (৬৫) নিহত হয়েছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বিজয়পুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের ছেলে আল মামুন বলেন জানান, তার ছোট ভাই অবসরপ্রাপ্ত সেনাসদস্য রহিদুল ইসলাম মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে সে আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে যান। এই সংবাদ পেয়ে তাকে দেখতে মা জায়েদা বিবি হাসপাতালে যাচ্ছিলেন। পথে বিজয়পুর মোড় এলাকায় রাস্তা পারাপারের সময় একটি ভটভটি ধাক্কায় গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহত জায়েদা বিবির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।