ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে ঘোড়াঘাটে কৃষকলীগের ২ নেতা গ্রেপ্তার

দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষক লীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টায় উপজেলার বুলাকিপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বুলাকীপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জিয়াউর ইসলাম (৩৮) ও সাধারণ সম্পাদক জাইদুল ইসলাম (৪০)।

সূত্র মতে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন তাদের বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলার ঘটনা ঘটানোর অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, গত বছরের ৪ আগস্ট পৌরশহরের বাস-স্ট্যান্ডে ছাত্র-জনতার শান্তিপূর্ণ সমাবেশে অস্ত্র নিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় যানবাহন ভাঙচুর, মোটরসাইকেল ও দোকানে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া আতঙ্ক সৃষ্টি করার জন্য কয়েকটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়। 

তিনি আরও জানান, গত বছরের ২৪ আগস্ট থানায় ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আর ৭০-৮০ জনকে আসামি করে একটি মামলা করা হয়। এ মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।