চলতি বছরের এইচএসসি পরীক্ষায় সিদ্ধিরগঞ্জের গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। এ কলেজ থেকে ২৪৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে সকলেই পাশ করেছে, জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন। নারায়ণগঞ্জ জেলার শতভাগ পাশ হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সেরা হওয়ার গৌরব অর্জন করেছে এ কলেজটি।
গতকাল বুধবার প্রকাশ হওয়া এইচএসসি পরীক্ষার ফলাফল অনুযায়ী সিদ্ধিরগঞ্জের ৫টি কলেজ থেকে মাত্র ৬৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ থেকে ৪৬ জন, সরকারি আদমজী নগর এমডব্লিউ কলেজ ও সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজ থেকে ৭ জন করে এবং সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩ জন জিপিএ-৫ পেয়েছে। গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ থেকে ২৪৭ জনের মধ্যে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৭৯ জন, মানবিক বিভাগ থেকে ৪২ জন ও বিজ্ঞান বিভাগ থেকে ১২৬ জন পরীক্ষা দিয়ে সকলেই পাশ করেছে।
এছাড়া রূপগঞ্জ এলাকার রূপসি নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ৭২ জন পরীক্ষা দিয়ে ১ জন মাত্র জিপিএ এবং একই এলাকার এখলাছ উদ্দিন ভূঁইয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে ২৫ জন পরীক্ষা দিয়ে ৪ জন জিপিএ-৫সহ শতভাগ পাশ করেছে।