চট্টগ্রামের পটিয়া উপজেলার খাসিয়াইস ইউনিয়নের নয়াহাট এলাকা থেকে অপহৃত তিনজনকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের সঙ্গে জড়িত মো. ইলিয়াছ (২৩) নামে একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোররাতে পেকুয়া থানার এসআই রুহুল আমিনের নেতৃত্বে পটিয়ার খাসিয়াইস ইউপির নয়াহাট এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃতদের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত হলেন, পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝিরঘোনা এলাকার মৃত আবু তাহেরের ছেলে আবদুল্লাহ আল নোমান (২৪), একই এলাকার রহিম উদ্দিনের ছেলে মো. রাইমন (২৪) ও রামু উপজেলার রশিদনগদর ইউনিয়নের বড় ধলিরছড়া এলাকার ছিদ্দিক আহমদের ছেলে মনজুর আলম (২৪)। তারা তিনজন একটি রেস্টুরেন্টের কর্মচারী।
গত ২৩ ফেব্রুয়ারি পেকুয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে আবদুল্লাহ আল নোমান, রাইমন ও মনজুর আলম অপহরণের শিকার হন। তাদেরকে এবিসি সড়কের বারাইয়াকাটা রাস্তার মাথা থেকে একটি নোহা গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। পরে তাদের খুঁজে না পেয়ে নোমানের ভাই মো. রফিস বাদী হয়ে পেকুয়া থানায় নিখোঁজ ডায়েরি করেন।
অপহৃত নোমানের মোবাইল থেকে তার ভাইয়ের কাছে ৫০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে ফোন দেন অপহরণকারীরা। সেই সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে পটিয়া উপজেলার খাসিয়াইস ইউপির নয়াহাট এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ।
পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা বলেন, অভিযান পরিচালনা করে অপহরণকারী মো. ইলিয়াছকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও তার অন্যান্য সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।