অবৈধভাবে বসবাসের অভিযোগে জামালপুরে সরিষাবাড়ী উপজেলায় শুকুর আলী (২৫) নামের এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এ বিষয়ে সরিষাবাড়ী থানায় মামলা হয়েছে।
সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
শুকুর আলীর বাড়ি ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাস শহরের অনুপুটি গ্রামে। তিনি ওই গ্রামের ওয়াহাব উল্লাহর ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার ভাটারা বাজার এলাকায় মঙ্গলবার রাতে ভারতীয় নাগরিক শুকুর আলী ঘোরাফেরা করতে থাকে। এসময় এলাকাবাসীর সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে সরিষাবাড়ী থানা পুলিশ খবর পেয়ে মঙ্গলবার রাতেই শুকুর আলীকে আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশের জিজ্ঞাসাবাদে শুকুর আলী বাংলাদেশে প্রবেশ, বৈধ কোনো কাগজপত্র ও পাসপোর্ট দেখাতে পারেনি।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, বৈধ কোনো কাগজপত্র না থাকায় ভারতীয় নাগরিক শুকুর আলীর বিরুদ্ধে পাসপোর্ট আইনে থানায় মামলা করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।