তরমুজ পরিবহনে বিএনপি নেতাকর্মীর বাধা দেওয়ার অভিযোগ

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে ক্ষেত থেকে তরমুজ পরিবহনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে তরমুজ কেটে বিপাকে পড়েছেন চাষিরা। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এই বাধা দিচ্ছেন বলে বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাউফল থানায় লিখিত অভিযোগ করেছেন মোসলেম উদ্দিন ওরফে মোচন পঞ্চায়েত নামে এক চাষি। 

ভুক্তভোগী চাষি জানান, ওয়াকফ এস্টেটের ১২৩ একর জমি লিজ নিয়ে চাষাবাদ করেছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রায় ১০ একর জমির তরমুজ কাটেন। ভাড়া করা ট্রলিতে করে ট্রলারে তরমুজ ওঠাতে ছিলেন। তখন রমিজ উদ্দিনের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল দেশি অস্ত্র নিয়ে এসে তাতে বাধা দেন এবং তাদের পছন্দের গাড়ি ছাড়া অন্য কোনো গাড়িতে তরমুজ পরিবহন করা যাবে না বলে হুমকি দেয়। এতে কাটা তরমুজ নিয়ে বিপাকে পরেন চাষিরা।

তিনি আরও অভিযোগ করে বলেন, ৫ আগস্টের পরেও এমন হয়রানী মেনে নেওয়া যায় না। একই অভিযোগ করেছেন মো. মিলন, মো. পারভেজ, মো. ইউসুফ ও মো. ইয়াকুবসহ আরও কয়েকজন চাষি। 

যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন যুবদল নেতা মো. রমিজ উদ্দিন।  তিনি বলেন, এসবের সঙ্গে তিনি জড়িত না। এসব অভিযোগ সত্য না।

এ বিষয়ে বাউফল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাহাবুদ্দিন হাওলাদার সত্যতা নিশ্চিত করে বলেন,‘সরেজমিন পরিদর্শন করেছি। চাষিদের ভাড়া করা গাড়িতে তরমুজ পরিবহনে ফের কেউ বাধা দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’