রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ছাত্রলীগ সভাপতি-সম্পাদকসহ ৪৮ শিক্ষার্থীর বিভিন্ন মেয়াদে শাস্তি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চারজনের আজীবনের জন্য ছাত্রত্ব বাতিলসহ মোট ৪৮ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রুয়েট ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। একই দিন সন্ধ্যায় রুয়েট ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ও ছাত্র শৃঙ্খলা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন। ওই সভায় সভাপতিত্ব করেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে রুয়েট কর্তৃপক্ষ। শাস্তিপ্রাপ্তদের মধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রুয়েট শাখার বিভিন্ন পদের নেতাকর্মীরা রয়েছেন।

আজীবন বহিষ্কৃতরা হলেন- নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রুয়েট শাখার সভাপতি ও পুরকৌশল বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ফাহমিদ লতিফ লিয়ন, সাধারণ সম্পাদক ও সি.এস.ই বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী সৌমিক সাহা, যন্ত্রকৌশল বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী শাশ্বত সাহা সাগর এবং পুরকৌশল বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী মৃন্ময় কান্তি বিশ্বাস।

এছাড়া রুয়েটের প্রকৌশল শাখার সহকারী প্রকৌশলী নাঈম রহমান নিবিড়, পদার্থবিজ্ঞান বিভাগের ডাটা প্রসেসর মো. মহিদুল ইসলাম, শিক্ষা শাখার সাব-এসিস্ট্যান্ট প্রোগ্রামার এ.কে.এম. আনোয়ারুল ইসলাম এর বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রুয়েটের সংশ্লিষ্ট ফোরামে অনুরোধ করা হয়েছে।

এদিকে ২০২৪ সালের ১৯ আগস্ট অভিযানের প্রেক্ষিতে প্রাপ্ত রিপোর্টের উপর ভিত্তি করে হলের বিভিন্ন কক্ষে অস্ত্র ও মাদকসহ নিষিদ্ধ জিনিসপত্র রাখায় আবাসিক হল থেকে বহিষ্কার ও তদন্ত কমিটি গঠনপূর্বক পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইভাবে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় দুই শিক্ষার্থীকে ৪ সেমিস্টার বা ২ শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে।

রুয়েট ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ও ছাত্র শৃঙ্খলা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন, শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে রুয়েট প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। এসব অভিযোগ যাচাই করে দেখা যায়, অভিযুক্তরা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা সংক্রান্ত যে অর্ডিন্যান্স রয়েছে, সেটির ধারা লঙ্ঘন করেছেন। এজন্য ৪ শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আরও দুইজনকে ৪ সেমিস্টার বা ২ শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে।

তিনি আরও বলেন, এর বাইরে গত বছর ১৯ আগস্ট অভিযানের প্রেক্ষিতে প্রাপ্ত রিপোর্টের উপর ভিত্তি করে ৪২ শিক্ষার্থীকে আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।