খুলনার ফুলতলায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে জুয়েল মোল্লা ওরফে সোলায়মান (২৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জমিরা বাজার মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত সোলায়মানের বিরুদ্ধে ফুলতলা থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তার বাড়ি জামিরা পূর্বপাড়া এলাকায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে সোলায়মান জামিরা বাজারে যান। কাজ শেষে করে তিনি রাত সাড়ে ৮টার দিকে বাড়ির উদ্দেশ্যে বাজার থেকে রওনা হন। জামিরা কলেজসংলগ্ন মধ্যপাড়া এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে। এর মধ্যে একটি গুলি তার কোমরে লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ফুলতলা থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে। ঘটনার পরপর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহত সোলায়মানের বিরুদ্ধে ফুলতলা থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।