লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন চলতি বছরের শুরুতে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে সোমবার সৌদি আরব যাচ্ছেন।
প্রেসিডেন্টের দপ্তর এক্স-পোস্টে বলেছে, আউন রিয়াদের উদ্দেশে রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন। তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এবং সৌদি আরবে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত যোগ দিচ্ছেন।
জোসেফ আউন বলেন, লেবাননের সঙ্গে 'ঐতিহাসিক সংযোগ' এবং আঞ্চলিক ও বৈশ্বিক খেলোয়াড় হিসেবে সৌদি আরবের ভূমিকার কারণে তিনি দেশটিকে প্রথম গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন।
শুক্রবার সৌদি সংবাদপত্র আশারক আল-আওসাতকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি প্রত্যাশা করি, সৌদি আরব উভয় দেশের স্বার্থে সম্পর্ক পুনঃস্থাপন এবং সাম্প্রতিক বাধাগুলো কাটিয়ে উঠতে আমাদের সহায়তা করবে।
আউন 'স্বাভাবিক অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার' আশা প্রকাশ করে বলেন, লেবানন 'সৌদি ভিশন ২০৩০'-এর সঙ্গে যুক্ত হতে পারে। এর ফলে সৌদিরা তাদের দ্বিতীয় বাড়ি লেবাননে ফিরে যেতে পারবে। লেবানিজরাও সৌদি আরবের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপনের অপেক্ষায় রয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া জোসেফ আউন লেবাননে নতুন যুগের সূচনা করার অঙ্গীকার করেছেন।