চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। ওই যুবকদের ছোড়া গুলিতে পাঁচজন স্থানীয় বাসিন্দা আহত হন। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, ছয়টি গুলির খোসা এবং একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৯টায় সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের ছনখোলা পশ্চিমপাডা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোহাম্মদ নেজাম উদ্দিন (৪৫) ও মোহাম্মদ সালেক (৩৫)। নিহত নেজাম উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মধ্যম কাঞ্চনা জোটপুকুরিয়া এলাকার মাহমুদুল হকের ছেলে এবং নিহত সালেক কাঞ্চনা ইউনিয়নের গুরগুরি ৯ নম্বর ওয়াডের্র আব্দুর রহমান ছেলে।
অপরদিকে গুলিবিদ্ধরা হলেন মো. সাঈদ (২৪), ওবায়দুল হক (২০), মামুনুর রশিদ (৪০), নাসির উদ্দিন (৩৫) ও আব্বাস উদ্দিন (৩০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে নয়টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় করে একদল যুবক ছনখোলা পশ্চিমপাড়া এলাকায় গেলে, স্থানীয় মসজিদে ডাকাত পড়েছে এমন খবর প্রচারের পর লোকজন জড়ো হয়ে দুই যুবককে আটক করে গনপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই যুবক নিহত হন। এক যুবকের লাশের পাশ থেকে একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। যুবকদের এলোপাতাড়ি গুলি বর্ষণে পাঁচজন স্থানীয় বাসিন্দা আহত হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দলসহ সাতকানিয়া থানা পুলিশের সদস্যরা।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, মসজিদের মাইকে ডাকাত পড়ার খবর প্রচারের পর স্থানীয় বাসিন্দাদের পিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।