ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলছে, গাজায় থাকা বন্দিদের অবিলম্বে মুক্তির দাবিতে ট্রাম্পের হুমকি যুদ্ধবিরতি টিকিয়ে রাখার প্রচেষ্টাকে জটিল করে তুলছে।
হামাসের মুখপাত্র হাজেম কাসেম আনাদোলু সংবাদ সংস্থাকে বলেন, এই হুমকি যুদ্ধবিরতি চুক্তির বিষয়গুলোকে জটিল করে তোলে এবং ইসরায়েলকে তার শর্তাবলী বাস্তবায়ন থেকে বিরত থাকতে উৎসাহিত করে।
কাসেম আরও বলেন, হামাস প্রথম ধাপের অধীনে তার সমস্ত বাধ্যবাধকতা বাস্তবায়ন করেছে, কিন্তু ইসরায়েল দ্বিতীয় ধাপে প্রবেশ করা এড়িয়ে চলছে। যুদ্ধবিরতি চুক্তিতে উল্লেখিত দ্বিতীয় ধাপের জন্য আলোচনায় অংশ নিতে দখলদারদের চাপ দিতে মার্কিন প্রশাসন বাধ্য।
এর আগে গতকাল বুধবার হামাসকে হুঁশিয়ারি দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বন্দিদের অবিলম্বে মুক্তির দাবি জানায়। তিনি বলেন, গাজাবাসীর জন্য একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। কিন্তু যদি আপনি জিম্মিদের ধরে রাখেন, তবে তা হবে না। যদি আপনি তা করেন, তাহলে আপনি মৃত! স্মার্ট সিদ্ধান্ত নিন।