গাজায় যুদ্ধবিরতি চালিয়ে যাওয়ার পক্ষে ট্রাম্প, নেতানিয়াহু সরকারে উত্তেজনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার হামাসের সঙ্গে ওয়াশিংটনের অভূতপূর্ব সরাসরি আলোচনার পক্ষে যুক্তি দিয়েছেন। জিম্মিদের মুক্তি নিশ্চিত করার জন্যই এই আলোচনা পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

ওভাল অফিসে একটি নির্বাহী আদেশে সই করার সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, 'আমরা ইসরায়েলকে এই আলোচনায় সহায়তা করছি, কারণ আমরা ইসরায়েলি জিম্মিদের কথা ভাবছি। আমরা হামাসের ক্ষেত্রে কিছুই করছি না। আমরা তাদের (হামাসকে) নগদ অর্থ দিচ্ছি না।'

তিনি হামাসের সঙ্গে আলোচনার পক্ষে যুক্তি দিয়ে বলেন, 'আপনাকে অবশ্যই আলোচনা করতে হবে। আলোচনা করা এবং অর্থ প্রদানের মধ্যে পার্থক্য রয়েছে। আমরা এই লোকদের (হামাসের হাতে বন্দী) বের করে আনতে চাই।'

সাম্প্রতিক মুক্তি পাওয়া আট জিম্মির সঙ্গে গত বুধবার বৈঠক করেছেন ট্রাম্প। বৈঠকের কথা স্মরণ করে ট্রাম্প বলেন, বন্দী অবস্থায় তাদের সাথে কতটা খারাপ আচরণ করা হয়েছিল, সে সম্পর্কে তাদের গল্প তিনি বিশ্বাস করতে পারছেন না।

চ্যানেল ১৩-এর খবর অনুসারে, ট্রাম্প বারবার বন্দীদের জিজ্ঞাসা করছিলেন যে, ইসরায়েলি জনগণ কি যুদ্ধবিরতি যুক্তির প্রথম পর্যায়ের পরে জিম্মি চুক্তি (যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ) চালিয়ে যাওয়ার পক্ষে? সেখানে সংখ্যাগরিষ্ঠরা ট্রাম্পের প্রশ্নে যুদ্ধবিরতি চালিয়ে যাওয়ার পক্ষে মত দেন।

এর পরদিন বৃহস্পতিবার ট্রাম্প জানান, জিম্মিরা তাকে চুক্তিটি চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছে। তিনি বলেন, 'আমাদের আরও ৫৯ জন (জিম্মি) বাকি আছে - যার মধ্যে ২৪ জন বেঁচে আছেন। মুক্তিপ্রাপ্তরা বলেছেন যে, তারা খুবই খারাপ অবস্থায় আছেন...।

নেতানিয়াহু সরকারে অসন্তোষ

টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন-হামাস সরাসরি আলোচনায় খুশি নয় ইসরায়েল। নাম প্রকাশ না করার শর্তে একজন সরকারি কর্মকর্তা এমনটা জানিয়েছেন।

প্রতিবেদনের তথ্য বলছে, ইসরায়েল ইচ্ছে করে হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনার তথ্য মিডিয়ায় ফাঁস করেছে। যদিও হোয়াইট হাউস দাবি করেছে, তারা এই বিষয়ে ইসরায়েলের সঙ্গেও পরামর্শ করেছে।

তবে ওই ইসরায়েলি কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সবশেষ বুধবারের আলোচনার বিষয়ে অবগত ছিলেন না। তিনি বলেন, হামাসের সঙ্গে মার্কিন আলোচনার বিষয়টি মিডিয়া ফাসের ঘটনার পরেই জানতে পেরেছেন নেতানিয়াহু।

ইসরায়েলি মিডিয়া ইয়নেটের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের জিম্মি দূত অ্যাডাম বোহেলারের সঙ্গে হামাসের সবশেষ বৈঠকে একটি বৃহত্তর চুক্তি নিয়ে আলোচনা অন্তর্ভুক্ত ছিল। যাতে করে বাকি জিম্মিকে মুক্তি দেওয়া যায় এবং যুদ্ধের অবসান ঘটানো যায়।

ইয়নেট জানিয়েছে, যখন ইসরায়েল এই বৈঠকের কথা জানতে পারে, তখন তারা সংবাদমাধ্যমে এই তথ্য ফাঁস করে 'প্রচেষ্টাকে ব্যর্থ করার চেষ্টা করে'।

সরকারি কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে ইঙ্গিত দিয়েছেন, বৈঠকের তথ্য ফাঁস হওয়ার ফলে ইসরায়েলের উদ্দেশ্য সফল হয়েছে এবং হামাসের সঙ্গে আলোচনা তখন থেকে বাধাগ্রস্ত হয়ে পড়েছে।