সুনামগঞ্জে মাছ লুণ্ঠন করতে না পেরে নৌকা ও ঘরে আগুন

সুনামগঞ্জের শাল্লা উপজেলার সত্তুয়া নদীর জলমহালে মাছ লুটপাট করতে না পেরে জলমহালের নৌকা ও পাহারাদার থাকার দুটি ঘরে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৭ মার্চ) সকালে শাল্লা উপজেলায় আটগাঁও ইউনিয়নে জলমহালে এ ঘটনা ঘটে।

বিভিন্ন সূত্রে জানা যায়, আমরা জানতে পেরেছি শুক্রবার দ্বিতীয় দফায় সত্তুয়া নদীতে আবারও মাছ লুটপাট করবে। এই খবর আমরা প্রশাসনকে জানাই। এমন সংবাদের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হয়। শাল্লা ও দিরাই দুই উপজেলার মাছ ধরতে আসা হাজার হাজার লোকজনকে প্রশাসন হ্যান্ড মাইকিংয়ের মাধ্যমে অনুরোধ করেন- নদীর মাছ ধরা থেকে বিরত থাকতে ও চলে যাওয়ার জন্য। যদিও কিছু মানুষ মাছ ধরেছেন, তবে তাদের চাহিদা অনুযায়ী মাছ ধরতে না পেরে ঢিল ছুঁড়াছুড়ি করে। পরে জলমহালের একটি নৌকা ও পাহাড়াদার থাকার দুটি ঘরে আগুন লাগিয়ে দেয় বিক্ষুদ্ধরা। গত তিনদিন পূর্বেও এই সত্তুয়া নদীর কোটি টাকার মাছ লুটপাট করা হয়েছিল।

এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আমরা গতকালই সংবাদ পেয়েছিলাম সত্তুয়া নদীতে মাছ ধরতে পারে। তাই আমরা ও সেনাবাহিনী মাছ মারার প্রস্তুতিকালে উপস্থিত হই৷ আমাদের কঠোর অবস্থানের কারণে লোকজন সত্তুয়া নদী থেকে চলে যায়। এখন পরিবেশ স্বাভাবিক রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, আজ মাছ ধরবে এমন খবর পেয়ে আমরা সকালেই সত্তুয়া নদীতে আসি। মাছ ধরতে আসা লোকজনের সাথে কথা বলার কোন স্কোপ ছিল না। তারা বিক্ষুব্ধ হয়ে আমদের দিকে এগিয়ে আসে এবং কিছু ঢিলও ছুঁড়ে। পরে একটা সাইডে পাহাড়াদারের ঘরে আগুন লাগায়। তবে আমরা পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর সম্মিলত প্রচেষ্টায় মাছ লুটপাট বন্ধ করতে সচেষ্ট হই এবং বর্তমানে পরিবেশ পরিস্থিতি শান্ত।