মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সরকারি সংস্থাগুলোর আকার কমানোর বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে সিআইএ কর্মীদের ছাঁটাই শুরু করেছে। বৃহস্পতিবার (৬ মার্চ) সূত্রের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে।
জানা গেছে, প্রথম বরখাস্তদের মধ্যে রয়েছেন গত দুই বছরের মধ্যে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা। এদের বেশিরভাগই এখনো 'শিক্ষানবিশ' চুক্তিতে ছিলেন।
পরিস্থিতি সম্পর্কে অবগত সূত্রের মতে, সম্প্রতি নিয়োগপ্রাপ্ত বেশ কয়েকজন সিআইএ কর্মীকে সংস্থার সদর দপ্তর থেকে দূরে একটি স্থানে তলব করা হয়। সেখানে নিয়ে পূর্ব নোটিশ ছাড়াই তাদের পরিচয়পত্র জমা দিতে বলা হয়।
নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, বরখাস্তের ফলে অবশিষ্ট সিআইএ কর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কিছু কর্মচারী 'নিরাপদ থাকতে' ফোনকল এড়িয়ে চলছেন।
সিআইএ'র একজন মুখপাত্র নিউ ইয়র্ক টাইমসকে নিশ্চিত করেছেন, সম্প্রতি নিয়োগপ্রাপ্ত কয়েকজন কর্মকর্তাকে ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে। সেটি কতজন, তা নির্দিষ্ট করে বলেননি তিনি। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, বরখাস্তগুলো 'কর্মক্ষমতার ভিত্তিতে' করা হয়েছে।