নারীরা এগিয়ে চলেছে। যুগে যুগে বেগম রোকেয়ার দেখানো পথে নারীরা আজ আলোর পথে এসেছে। সমাজের যোগ্য স্থানে নিজের জায়গা করে নিয়েই নারীরা প্রগতির পথে অগ্রসরমান। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায়, ‘কোন কালে একা হয়নি ক জয়ী পুরুষের তরবারী, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষী নারী’। আজকের সমাজে নারীরা অবহেলিত নয় বরং তাদের মেধা, দক্ষতা ও শ্রমের মাধ্যমে তারা সুউচ্চ আসনে অধিষ্ঠিত হচ্ছে।
নারীর অগ্রগতির এই ধারা নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলাতেও সুস্পষ্টভাবে দৃশ্যমান। এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন একঝাঁক দক্ষ ও আত্মপ্রত্যয়ী নারী। তাদের কর্মস্পৃহা, দায়িত্ববোধ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা নিজেদের অবস্থান সুসংহত করেছেন এবং নারী সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন। আড়াইহাজারের প্রশাসনিক, শিক্ষা, প্রকৌশল, মৎস্য ও উন্নয়ন খাতের গুরুত্বপূর্ণ পদগুলোতে তারা নেতৃত্ব দিয়ে প্রমাণ করেছেন, নারীর ক্ষমতায়ন শুধু কাগজে-কলমে নয়, বাস্তব জীবনেও তা প্রতিফলিত হচ্ছে।
জেসমীন আক্তার
আড়াইহাজার উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হিসেবে কর্মরত জেসমীন আক্তার নারীদের ক্ষমতায়ন এবং মৎস্য শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মৎস্য ও সামুদ্রিক বিজ্ঞান বিভাগে স্নাতক ও মৎস্যচাষে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১৪ সালে ৩৩তম বিসিএস (মৎস্য) ক্যাডারের আওতায় তিনি উপজেলা মৎস্য কর্মকর্তা হিসেবে যোগদান করেন। আড়াইহাজারে যোগদানের পর থেকে তিনি নারীদের মাছ চাষে আগ্রহী করে তুলতে সচেষ্ট রয়েছেন এবং তাদের কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ প্রদান করছেন। তার প্রচেষ্টায় অনেক নারী মৎস্য খাতের সঙ্গে যুক্ত হয়ে স্বনির্ভরতা অর্জন করেছেন।
মমতাজ বেগম
উপজেলা শিক্ষা অফিসার মমতাজ বেগম আড়াইহাজারের শিক্ষাব্যবস্থাকে আরও সমৃদ্ধ করতে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে শিক্ষকদের দক্ষতা উন্নয়ন, শিক্ষার্থীদের মানোন্নয়ন এবং শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে বিএসসি (অনার্স) ও এমএসসি সম্পন্ন করেন এবং ২০২৩ সালের ১৩ এপ্রিল আড়াইহাজার উপজেলায় যোগদান করেন। তিনি দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
নাজমা আক্তার
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তার নারীদের উন্নয়ন, প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধিতে নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স ও মাস্টার্স শেষ করে ২০০৭ সালে মহিলা বিষয়ক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। আড়াইহাজারে যোগদানের পর তিনি নারীদের আত্মকর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন। তার উদ্যোগে অনেক নারী ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।
মমতাজ পারভীন
উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর হিসেবে মমতাজ পারভীন দীর্ঘদিন ধরে শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষাক্ষেত্রে উন্নয়নে কাজ করছেন। ২০০২ সালে এই পদে যোগদানের পর থেকে তিনি বিভিন্ন উপজেলায় দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি আড়াইহাজার উপজেলায় শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন, যা শিক্ষার মানোন্নয়নে সহায়ক ভূমিকা রাখছে। তিনি বিশেষ করে নারী শিক্ষকদের প্রশিক্ষণে অধিক মনোযোগী, যাতে তারা আরও দক্ষ হয়ে উঠতে পারেন।
শারমিন সুলতানা
উপজেলা প্রকল্প কর্মকর্তা শারমিন সুলতানা সরকারি প্রকল্প ব্যবস্থাপনায় দক্ষতার পরিচয় দিচ্ছেন। ২০০২ সালে উপজেলা প্রকল্প কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করার পর থেকে তিনি বিভিন্ন উপজেলায় দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি আড়াইহাজারে সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ভূমিকা রাখছেন। তার তত্ত্বাবধানে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়েছে।
আয়েশা খাতুন: অবকাঠামো উন্নয়নের অন্যতম কারিগর
উপ সহকারী প্রকৌশলী আয়েশা খাতুন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা এবং সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছেন। ২০১৮ সালে তিনি সরকারি কর্ম কমিশনের মাধ্যমে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে যোগদান করেন। তার তত্ত্ব¡তত্ত্বাবধানে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের অনেক প্রকল্প সফলভাবে সম্পন্ন হয়েছে।
হোসনে আরা ছন্দা
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসনে আরা ছন্দা যুবদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। তিনি নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় জন্মগ্রহণ করেন এবং বিভিন্ন স্থানে দায়িত্ব পালন শেষে বর্তমানে আড়াইহাজারে কর্মরত রয়েছেন। তার উদ্যোগে যুব সমাজ আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছে।
তাছলিমা আক্তার
উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার নারীদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি ইডেন মহিলা কলেজ থেকে ব্যবস্থাপনা বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন এবং বর্তমানে আড়াইহাজার উপজেলায় ডিজিটাল সেবাদানের মাধ্যমে নারীদের তথ্যপ্রযুক্তি জ্ঞানে দক্ষ করে তুলছেন। তার নেতৃত্বে ডিজিটাল প্রশিক্ষণ কেন্দ্র পরিচালিত হচ্ছে, যা নারীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে সহায়তা করছে।
নারীদের এই দৃঢ় পদচারণা আমাদের ভবিষ্যতের জন্য এক আশার আলো। তারা প্রমাণ করছেন যে, নারীরা শুধুমাত্র গৃহকোণেই সীমাবদ্ধ নয়, বরং প্রশাসন, শিক্ষা, প্রকৌশলসহ বিভিন্ন খাতে নেতৃত্ব দিতে সক্ষম। তাদের এই সফলতা নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে একটি মাইলফলক। আড়াইহাজারের এই নারীরা অন্যদের জন্য উদাহরণ হয়ে থাকবেন, যারা স্বপ্ন দেখেন, এগিয়ে যেতে চান এবং সমাজে অবদান রাখতে চান। তাদের সংগ্রাম ও সাফল্য আমাদের অনুপ্রেরণা যোগায় এবং সমাজকে আরও এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে।