যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জের নিম্নাঞ্চল খ্যাত চৌহালী উপজেলার চরাঞ্চল জুড়ে সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘন্টায় নদীর পানি বৃদ্ধি পেয়ে বৃহস্পতিবার বিকেলে বিপদ সীমার ৯৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
উপজেলার ৭টি ইউনিয়ন এখন পুরোটাই বন্যা আক্রান্ত। পানিবন্দি হয়ে প্রায় ৫০ হাজারের মত মানুষ এখন চরম দুর্ভোগ পোহাচ্ছে। বিশেষ করে সদিয়াচাঁদপুর, উমরপুর, স্থল ও ঘোরজান ইউনিয়নের মানুষেরই দুর্ভোগ বেশি।
সদিয়াচাঁদপুরের বিনদহ, বেতিল, আশাননগর, ধুলিয়াবাড়ি, এনায়েতপুর চর, চাঁদপুরসহ আশপাশের পুরো গ্রাম জুড়ে বাড়িতে-বাড়িতে ১ থেকে ৩ ফুট পানি গত ৮ দিন ধরে বিরাজমান। এখানকার কয়েক হাজার মানুষ মাচা করে বসবাস করছে। টিউবয়েল তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ খাবার পানি ও শুকনা খাবারের চরম সংকট দেখা দিয়েছে।
বিনদহ গ্রামের জহুরুল শেখের স্ত্রী পানিবন্দি হুসনে আরা খাতুন জানান, আমরাই বেশি বন্যায় ক্ষতিগ্রস্ত। ৮ দিন ধরে কষ্টে চলছি। এখনও কোন সহায়তা পাইনি।
সদিয়াচাঁদপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ জানিয়েছেন, যে বরাদ্দ পাচ্ছি তা চাহিদার তুলনায় অপ্রতুল। নিজে থেকেও কিনে দিয়ে এখন কুলাতে পারছি না।
আরও পড়ুন: রাঙ্গাবালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
এদিকে অপ্রতুল ত্রাণের কথা স্বীকার করে চৌহালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া জানান, ৭টি বন্যা দুর্গত ইউনিয়নের জন্য আমরা ৪৩ টন ৩০০ কেজি চাল ও ৪শ প্যাকেট শুকনা খাবার পেয়েছিলাম।
ইত্তেফাক/নূহু