বকশীগঞ্জে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রহ্মপুত্র ও দশানী নদীর পানি বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অব্যাহত পানি বৃদ্ধির কারেণ বন্যার পরিস্থিতি স্মরণকালের ভয়াবহ রূপ ধারণ করেছে।
সরেজমিনে দেখা গেছে, পানি বৃদ্ধি পাওয়ায় নতুন করে বকশীগঞ্জ পৌর শহরের ৫টি ওয়ার্ডের বাসাবাড়িতে বন্যার পানি প্রবেশ করেছে। ফলে পৌর শহরসহ, কামালপুর, বগারচর, সাধুরপাড়া, মেরুরচর ও নিলাক্ষিয়া ইউনিয়নের ১৩০টি গ্রামের প্রায় দেড়লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও শুকনা খাবারের সংকট দেখা দিয়েছে। সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে বানভাসি মানুষ। মেরুরচর-চিনারচর সড়কের কোটি টাকা ব্যয়ে একটি ব্রিজ পানির তোড়ে বিলীন হয়ে গেছে। ফলে উপজেলা সদরের সঙ্গে চরাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল।
আরো পড়ুন: মুলতবি ছাড়াই নিষ্পত্তি করতে হবে ধর্ষণ মামলা
অপরদিকে, বৃহস্পতিবার বন্যার পানিতে ডুবে মেরুরচর ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের মাসুদ মিয়ার ছেলে মিনহাজ (৪) মারা গেছে। সাধুরপাড়া ইউনিয়নের বটতলা এলাকার ফারুক মিয়ার ছেলে মাজ্জাদ (১২) মিয়া নিখোঁজ রয়েছে। স্থানীয়রা জানান, বন্যার পানিতে ভেসে গেছে মাজ্জাদ।
ইত্তেফাক/এমআই