চট্টগ্রাম নগরীতে তীব্র পানিসংকটের প্রতিবাদে ওয়াসার কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা।
মঙ্গলবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বন্দর নগরীর দামপাড়ায় ওয়াসার কার্যালয়ের সামনে গ্রাহকেরা এই বিক্ষোভ করে সংকট নিরসনের দাবি জানান।
বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় পানির সংকট চলছে। রমজানে সেই সংকট চরম আকার ধারণ করেছে। ধনিয়ালাপাড়া, দেওয়ানহাট, সুপারিওয়ালাপাড়া, পোস্তারপাড়, কদমতলী ও হালিশহরসহ আরও কয়েকটি এলাকা পানিসংকট চলছে।
তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত এ বিষয়ে কোনো সুরাহা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করে যাবেন। এ সময় বিক্ষোভকারীরা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনোয়ার পাশার কাছে স্মারকলিপি জমা দিয়ে দ্রুত পানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।
চট্টগ্রাম ওয়াসা সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ৮টার দিকে নগরীর সাগরিকা এলাকায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) উন্নয়নকাজের সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের ভুলে ওয়াসার প্রধান সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়। ফলে আগ্রাবাদসহ আশপাশের অন্তত ১৮টি এলাকায় পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে।
চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম গণমাধ্যমকে বলেন, ‘প্রায় ১৫ ফুট মাটির নিচে আমাদের প্রধান সরবরাহ লাইনের একটা পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। যার কারণে আশপাশের কিছু এলাকায় পানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে। পাইপলাইন মেরামতের কাজ চলছে। দ্রুত পানির সরবরাহ স্বাভাবিক করতে আমরা কাজ করছি।’