ট্রাইব্যুনাল গঠনের দাবিতে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রমাণিত ধর্ষককে ৩ মাসের মধ্যে ফাঁসি ও নারী নির্যাতন-ধর্ষণ প্রতিরোধ ট্রাইব্যুনাল গঠনের দাবিতে মঙ্গলবার (১১ মার্চ) রাতে জাতীয় প্রেসক্লাবের সামনে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নতুনধারা বাংলাদেশ-এনডিবি। রাত ৮ টায় তোপখানা রোডস্থ কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

নতুনধারা বাংলাদেশ-এনডিবি’র চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার কাজী মুন্নী আলম, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাহমুদ হাসান তাহের, আল আমিন বৈরাগী, আফতাব মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, নারীদের পোশাক নিয়ে কথা না বলে সুরা নূরের ৩০ নম্বর আয়াত মেনে নিজেদের চোখ ও লজ্জাস্থান সংযত রাখার বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে। পাশাপাশি অনতিবিলম্বে প্রমাণিত ধর্ষককে ৩ মাসের মধ্যে ফাঁসি কার্যকরের লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।