৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু

গাজীপুরের বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের ৪ ঘণ্টা পর প্রত্যাহার করে নিয়েছেন শ্রমিকরা। এরপর যান চলাচল শুরু হয়েছে মহাসড়কটিতে।

বুধবার (১২ মার্চ) সকাল ৮টার দিকে একটি গার্মেন্টস্ কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। এরপর যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। তারা পায়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা দেন। সবশেষ দুপুর ১২টার দিকে দাবি মেনে নেওয়ার আশ্বাসে শ্রমিকরা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনরত শ্রমিকরা জানান, গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার শ্রমিক জান্নাতুল ফেরদৌস তামান্নার (৩২) বাচ্চা অসুস্থ থাকায় গতকাল রাত ৯টার দিকে এপিএম মতিউর রহমানের কাছে ছুটি চেয়েছিলেন। কিন্তু তিনি ছুটি না দিয়ে তামান্নাকে কারখানা কর্তৃপক্ষের দেওয়া পরিচয়পত্র রেখে বিদায় করে দিলে তিনি বাড়ি চলে যান। 

বুধবার ভোরে কারখানায় আসের জান্নাতুল। তবে পরিচয়পত্র না থাকায় তাকে কারখানায় ঢুকতে দেওয়া হয়নি। এ সময় বাড়ি ফিরতে গিয়ে ট্রাকচাপায় মারা যান এ নারী শ্রমিক। পরে কারখানা কর্তৃপক্ষ জান্নাতুল তাদের কর্মী নয় বলে দাবি করে। এ নিয়ে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা।

শ্রমিকরা দাবি জানান, ঘাতক ট্রাকচালককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। নিহত শ্রমিকের পরিবারের সদস্যদের ভরণপোষণসহ ক্ষতিপূরণ দিতে হবে।

এছাড়াও ডিউটি টাইম সকাল ৬টা থেকে পরিবর্তন করে ৭টা করা, বিকেল ৫টার মধ্যে ছুটি দেওয়া, ইফতারের পর কোন ডিউটি না করা, ঈদে ১০দিন ছুটি, চলতি মাসের ২০ তারিখের মধ্যে বোনাস পরিশোধ করাসহ দ্রুত পর্যাপ্ত পরিমাণে ফেস পাঞ্চ মেশিন ব্যবস্থার দাবি জানান তারা।

নাওজোড় হাইওয়ে থানার ওসি ছালেহ্ আহমেদ বলেন, শ্রমিকদের দাবির বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়। দাবি মেনে নেওয়া হলে ১২টার দিকে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়