অস্ট্রেলিয়ার একটি স্কুলের ভেতরে ধুলো জমে থাকা পাথরের একটি স্ল্যাবে জীবাশ্ম ডাইনোসরের পায়ের ছাপের সন্ধান পাওয়া গেছে। বুধবার (১২ মার্চ) বিজ্ঞানীরা এ কথা জানিয়েছেন।
কুইন্সল্যান্ডের গ্রামীণ ব্যানানা শায়ারের স্কুলতে জীবাশ্মবিদ অ্যান্থনি রোমিলিও তিন-আঙ্গুলের চিহ্নের একটি গুচ্ছ পরীক্ষা করেন। পাথরটি দীর্ঘদিন ধরে অলক্ষিত ছিল।
অ্যান্থনি রোমিলিও বলেন, স্ল্যাবটিতে প্রায় ২০ কোটি বছর আগে জুরাসিক যুগের কয়েক ডজন জীবাশ্মযুক্ত পায়ের ছাপ রয়েছে। এটি ডাইনোসরের গতিবিধি এবং আচরণের এক অভূতপূর্ব চিত্র।
তিনি বলেন, এই ধরণের গুরুত্বপূর্ণ জীবাশ্ম বছরের পর বছর ধরে অলক্ষিত থাকতে পারে, এমনকি স্পষ্ট দৃষ্টির মাঝেও। এটা ভাবতেই অবাক লাগে যে, ইতিহাসের এক অংশ এতদিন স্কুলের উঠোনে পড়ে ছিল।
২০০২ সালে কয়লা খনি শ্রমিকরা স্ল্যাবটি খনন করে এবং অস্বাভাবিক পায়ের ছাপ দেখতে পেয়ে ছোট শহর বিলোয়েলার একটি স্কুলে উপহার দেয়। এরপর থেকে এটি স্কুলের প্রবেশপথে প্রদর্শিত হয়।
রোমিলিও বলেন, এক বর্গমিটারেরও কম ক্ষেত্রফলের স্ল্যাবে ৬৬টি পৃথক পায়ের ছাপ পাওয়া গেছে। এগুলো অ্যানোমোইপাস স্ক্যাম্বাস নামক একটি ডাইনোসরের ছিল। এরা ছোট এবং মোটা উদ্ভিদ ভক্ষক, যারা দুই পায়ে হাঁটত।
রোমিলিও ও গবেষকদের একটি দল তাদের গবেষণার ফলাফল পিয়ার-রিভিউ জার্নাল হিস্টোরিক্যাল বায়োলজিতে প্রকাশ করেছেন।