চাঁদাবাজ, দখলদার ও কালোবাজারি মুক্ত হবে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ। তিনি বলেন, আমরা ভালোবাসা এবং ভালো কাজ দিয়ে মানুষের মন জয় করব।
বুধবার (১২ মার্চ) আখাউড়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির কমিটির উদ্যোগে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ এবং আহত ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের কোনো আইন-শৃঙ্খলা বাহিনীর শক্তি নেই নাগরিক কমিটির কোনো সদস্যকে বিপদে ফেলবে, আপনারা যদি বিপথগামী না হন।
এ সময় আতাউল্লাহ আরও বলেন, জুলাই-আগস্টে যারা জীবন দিয়েছেন তারা কোনো তথাকথিত নির্বাচনের জন্য জীবন দেন নাই, তারা একটি সংস্কারের জন্য এবং নতুন রাজনীতির জন্য জীবন দিয়েছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই, যারা বিগত দিনে ফ্যাসিবাদী কায়েম করেছে এবং আমার ভাইদের বিনা অপরাধে হত্যা করেছে তাদের বিচার আগে হতে হবে। বিচারের পরে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার হবে, তার পর নির্বাচন চাই।
ইফতার ও দোয়া মাহফিলে মো. আজিজুর রহমান লিটনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মো. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন খান, প্রকৌশলী আমিনুল হক চৌধুরী, জিহান মাহমুদ, মো. জামসিদ ও মো. রুবায়েদ প্রমুখ।