টাইব্রেকারের হুলিয়ান আলভারেজে যখন গোল করলেন স্কোরলাইন তখন দেখাচ্ছিলো ২-২। তবে কিছু পর সেই গোল বাতিল হয়ে যায়। কিছুক্ষণ পর যখন ভিএআরে বাতিল হয়ে যায় আলভারেজের গোল তখন জানা যায় ডাবল টাচ হওয়ার কথা। এ দিকে রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়া জানান তিনিই প্রথম আলভারেজের শটের গোলমাল টের পেয়ে রেফারিকে জানিয়েছিলেন।
অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে টাইব্রেকারে দ্বিতীয় শট নিতে আসেন আর্জেন্টাইন তারকা আলভারেজ। ডান পা দিয়ে শট নেওয়ার আগে তার বাম পা কিছুটা পিছলে বল স্পর্শ করে। দূর থেকে এটা বোঝা না যায়নি। তবে জুম করার পর বিষয়টি স্পষ্ট হয়।
ফুটবলের নিয়ম অনুযায়ী টাইব্রেকারে শরীরের কোন অংশ দিয়েই দুবার বল স্পর্শ করলে সেই গোল গৃহীত হবে না। আলভারেজের দুই পা যেহেতু বল স্পর্শ করেছে কাজেই তার গোল গৃহীত হয়নি। পরে ওই লিড ধরেই ৪-২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে পা রাখে লস ব্লাঙ্কোরা।
ম্যাচ শেষে গোলরক্ষক কোর্তোয়া জানান, বাকিরা পরে বুঝলেও তিনি যেহেতু খুব কাছে ছিলেন আলভারেজের শটের গোলমাল ধরতে পেরেছিলেন। ম্যাচ শেষে তিনি বলেন, 'পেনাল্টি আসলে অনেকটা লটারির মতন। সে (আলভারেজ) পিছলে পড়েছিলো, বলে দুবার পা লাগিয়েছিলো। এটা তাই গোল হতে পারে না কারণ বলে দুবার স্পর্শ করা যায় না। নিয়ম তো নিয়মই, তার কপাল খারাপ বলব।'
রিয়াল গোলরক্ষক আরও বলেন, 'সবকিছু খুব দ্রুত হয়েছে, তবে আমি বুঝতে পেরেছিলাম সবকিছু। উপলব্ধি করেছিলাম কিছু একটা গোলমাল হয়েছে, এজন্যই রেফারিকে গিয়ে বলি। তারা পরে ফুটেজ দেখে নিশ্চিত হয়েছেন যে সে দুবার স্পর্শ করেছে বল।'