জৈন্তাপুরে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ফাগুনের শেষ সময়ে তীব্র বেগে ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। এতে ঘরের টিন ছিদ্রসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৯টা থেকে এই শিলাবৃষ্টি শুরু হয়।

স্থানীয়রা জানান, জৈন্তাপুরে দীর্ঘদিন ধরেই কড়া রোদ দেখা যাচ্ছিল। বৃহস্পতিবার রাত ৮টার দিকে পশ্চিম আকাশে ব্যাপক গর্জন শুরু হয়। এরপর ৯টা থেকে শিলাবৃষ্টি শুরু হয়। কমপক্ষে ৩০ মিনিট স্থায়ী ছিল সেই শিলাবৃষ্টি। জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নসহ উপজেলার কিছু এলাকায় ব্যাপক শিলাবৃষ্টি হয়। এই শিলাবৃষ্টি যেন তাণ্ডব চালিয়েছে ঘরের টিনে ও ফসলি ক্ষেতের ওপর। 

হরিপুর গ্রামের প্রবীণ মুরব্বি আয়না মিয়া বলেন, আমার ঘরের টিন ফুটো হয়ে গেছে। এখন বাইরে পানি পড়ার আগেই আমার ঘরে পানি পড়বে। শুধু আমার নয়, বরং এলাকার অনেক পরিবারের একই অবস্থা। টিনের চাল ও ফসলের মাঠ শিলাবৃষ্টির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জকিগঞ্জ উপজেলার বাসিন্দা আব্দুল বাছিত বলেন, ‘রাত ১০টার দিকে তুমুল ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। এতে ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। অনেকের বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।’

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, আগামী ৭২ ঘণ্টায় সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস ছিল। সেই পূর্বাভাসের আলোকে সিলেটের বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।