অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না রাকিব-তপুরা। সৌদি আরবের তায়েফের আল ওয়াহদা ক্লাবের বিপক্ষে একটা ম্যাচ খেলেছে। জিতেছে বাংলাদেশ। ব্যবধানটা প্রকাশ করেনি বাফুফে। কোচ চেয়েছেন ম্যাচটা নিয়ে কোনো তথ্য যেন বাইরে না যায়। বেশি কিছু প্রকাশ হয়ে গেলে প্রতিপক্ষ ভারত জেনে যেতে পারে কি না, সেটা নিয়ে তার দুশ্চিন্তা।
তবে যতদূর জানা গেছে দলের সব ফুটবলারকে ঘুরিয়ে ঘুরিয়ে খেলিয়েছেন কোচ। ফাহামিদুল ইসলামও মাঠে নেমেছিলেন। কার পারফরম্যান্স কেমন, তা নিয়ে আজ থেকে নতুন পরিকল্পনায় অনুশীলন করবেন বলে একটি ভিডিও বার্তায় জানিয়েছেন। তিনি জানিয়েছেন আরও কয়েক দিন সৌদির আরবের তায়েফে থাকবে ফুটবল দল। এর মধ্যে আরো একটি ম্যাচ খেলা যায় কি না, চেষ্টা করবেন কোচ।
বাংলাদেশ দলের মূল আকর্ষণ হচ্ছেন ইংলিশ লিগের ফুটবলার হামজা চৌধুরী। তাকে নিয়ে অনুশীলন ম্যাচ খেলতে পারছে না বাংলাদেশ। হামজা যখন ঢাকায় ফিরবেন তখন দলের সঙ্গে কয়েক দিন অনুশীলন করার সুযোগ পাবেন, ম্যাচের আগে সেটাই হবে দলের মধ্যে বোঝাপড়ার সব সুযোগ।
সুদানের বিপক্ষে ম্যাচ খেলার কথা ছিল সেটি হয়নি। সুদান খেলেনি। বাফুফে আসলে কোনো দেশের সঙ্গে আগে থেকে পরিকল্পনা চূড়ান্ত করে সৌদি যায়নি। ওখানে গিয়ে যাকে পাবে তার বিপক্ষে খেলবে। কারণ সৌদিতে বিভিন্ন দেশ ক্যাম্প করতে আসে। সেই সব অতিথি দলও প্রস্তুতি ম্যাচ খেলতে চায়। বাফুফে হয়ত সেই সুযোগটাই নিতে চেয়েছিল। কিন্তু হয়নি। পরিকল্পনা না করায় এমনটা হয়েছে।
ভারত সিরিয়াস। ১৯ মার্চ ভারত প্রস্তুতি ম্যাচ খেলবে মালদ্বীপের বিপক্ষে। শিলংয়ের যেখানে খেলা হবে, সেখানে মানিয়ে নিতে তারা প্রস্তুতি পর্ব সারতে পরিকল্পনা করেছে।